শিরোনাম

সংসদ ভবন, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, এআই-চালিত ডিপফেক, ভয়েস ক্লোনিং ও অপতথ্যের অপব্যবহার মোকাবিলায় জাতীয় পর্যায়ে সমন্বিত প্রযুক্তিগত ও নীতিগত কাঠামো প্রণয়নের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
আজ সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য আরিফা সুলতানার (মহিলা আসন-৩০) তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে এআই-চালিত ডিপফেক, ভয়েস ক্লোনিং ও অপতথ্য মোকাবিলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় পর্যায়ে একটি সমন্বিত প্রযুক্তিগত ও নীতিগত কাঠামো প্রণয়নের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
তিনি বলেন, এআই-চালিত অপতথ্য ও ডিপফেক শনাক্তকরণ, তথ্য যাচাই, দ্রুত প্রতিক্রিয়া এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাফ্যাক্টের মাধ্যমে এআই-সৃষ্ট ও অন্যান্য অপতথ্য যাচাই কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর শনাক্তকরণ ব্যবস্থা, দ্রুত তথ্য যাচাই ও প্রতিক্রিয়া, গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি, প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয় এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এআই-চালিত অপতথ্য ও ডিপফেকের অপব্যবহার প্রতিরোধ করাই সরকারের লক্ষ্য।
অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরের মুক্তিযুদ্ধকেন্দ্রিক ইতিহাস, গণহত্যা এবং ঐতিহ্যবাহী চলনবিল-সংক্রান্ত প্রাচীন নথিপত্র ডিজিটালাইজ করে ‘জাতীয় গণমাধ্যম তথ্য ভাণ্ডার’-এ সংরক্ষণের জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভে পৃথক কোনো বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়নি।
তবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের জুলাই ২০২১ থেকে জুন ২০২৫ মেয়াদে বাস্তবায়িত ‘দেশি ও বিদেশি উৎস থেকে মুক্তিযুদ্ধের অডিও-ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় পাবনা সদর উপজেলার ছয়জন এবং ফরিদপুর সদর, গুলশান ও আলফাডাঙ্গা উপজেলার তিনজন বীর মুক্তিযোদ্ধাসহ মোট নয়জন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকারভিত্তিক এক ঘণ্টা ব্যাপ্তির নয়টি তথ্যচিত্র প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, এসব তথ্যচিত্রে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা, ভূমিকা ও স্মৃতিচারণ ধারণ করা হয়েছে।