বাসস
  ১৮ জুন ২০২৬, ২০:৪৮

যাত্রীদের স্বার্থ রক্ষায় বেসামরিক বিমান চলাচল আইন সংশোধনের উদ্যোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। ফাইল ছবি

সংসদ ভবন, ১৮ জুন, ২০২৬ (বাসস): বিমান টিকিটের মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত, অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি প্রতিরোধ এবং যাত্রীদের স্বার্থ সুরক্ষায় সরকার বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭ সংশোধনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

আজ জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের (সুনামগঞ্জ-১) টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, টিকিট বিক্রিতে সিন্ডিকেট ও প্রতারণা রোধে টিকিটে ভাড়া, ট্রাভেল এজেন্সির নাম এবং লাইসেন্স নম্বর স্পষ্টভাবে উল্লেখ করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, কোনো ট্রাভেল এজেন্সি অতিরিক্ত ভাড়া আদায় বা সিন্ডিকেট কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে নিবন্ধন বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আফরোজা খানম বলেন, যাত্রীদের জন্য বিমান ভাড়া সহনীয় পর্যায়ে রাখতে মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নিয়মিতভাবে বিভিন্ন এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির সঙ্গে আলোচনা করছে।

দেশীয় রুটে বিমান ভাড়ার ওঠানামার কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে প্রচলিত ‘রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম’ বা ‘ডাইনামিক প্রাইসিং’ পদ্ধতিতে এয়ারলাইন্সগুলো টিকিটের মূল্য নির্ধারণ করে। এ ব্যবস্থায় যাত্রী চাহিদা, টিকিট বুকিংয়ের সময় এবং অন্যান্য পরিচালনাগত বিষয়ের ওপর ভিত্তি করে ভাড়া পরিবর্তিত হয়।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ অন্যান্য পরিবহন সংস্থা জ্বালানির মূল্য, পরিচালন ব্যয়, উড়োজাহাজের ধরন, ভ্রমণের তারিখ ও সময়, পিক ও অফ-পিক মৌসুম, যাত্রী চাহিদা, আসনের প্রাপ্যতা, অগ্রিম বুকিং এবং সেবার মান বিবেচনায় নিয়ে ভাড়া নির্ধারণ করে।

মন্ত্রী বলেন, চাহিদা বেশি থাকলে সাধারণত ভাড়া বৃদ্ধি পায় এবং চাহিদা কম থাকলে ভাড়া হ্রাস পায়।

তিনি উল্লেখ করেন, নির্দিষ্ট বা স্থির ভাড়া নির্ধারণ মুক্তবাজার অর্থনীতি ও আন্তর্জাতিক বিমান চলাচল ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের জন্য অভ্যন্তরীণ রুটে ভাড়া সহনীয় ও প্রতিযোগিতামূলক রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।