বাসস
  ১৮ জুন ২০২৬, ২০:১৯

সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে : পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। ফাইল ছবি

সংসদ ভবন, ১৮ জুন, ২০২৬ (বাসস) : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, সুন্দরবনকে কেন্দ্র করে ইকো-ট্যুরিজম ও কমিউনিটি বেইজড পর্যটন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি আজ সংসদে সাতক্ষীরা-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মুহাম্মাদ আব্দুল খালেকের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রণীত খসড়া পর্যটন মহাপরিকল্পনায় পরিবেশবান্ধব, টেকসই ও নিরাপদ পর্যটন উন্নয়নের রূপরেখা অন্তর্ভুক্ত রয়েছে। মহাপরিকল্পনায় সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা জেলায় ১০টি, বাগেরহাট জেলায় ২২টি এবং খুলনা জেলায় ২১টি পর্যটন আকর্ষণ চিহ্নিত করা হয়েছে।

মন্ত্রী জানান, মহাপরিকল্পনা চূড়ান্তভাবে গৃহীত হলে সুন্দরবনকে কেন্দ্র করে ইকো-ট্যুরিজম ও কমিউনিটি বেইজড পর্যটন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে। প্রকল্প বাস্তবায়নের সময়সীমা মহাপরিকল্পনা অনুমোদন ও পরবর্তী প্রকল্প গ্রহণের ওপর নির্ভরশীল।