শিরোনাম

সংসদ ভবন, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : কুড়িগ্রামে ভুটানের অর্থনৈতিক জোন নির্মাণের অগ্রগতি জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় সংসদে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক প্রশ্নে লিখিত জবাব দিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংসদ নেতা জানান, ২০২৩ সালে লন্ডনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ভুটানের রাজা কুড়িগ্রাম জেলায় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এর প্রেক্ষিতে, ভুটানি বিনিয়োগকারীদের জন্য কুড়িগ্রামে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ও ভুটান সরকারের মধ্যে যোগাযোগ শুরু হয়।
প্রধানমন্ত্রী জানান, এরই ধারাবাহিকতায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় মাধবরাম মৌজায় ‘কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চল-১’ স্থাপনের উদ্যোগ গ্রহণ করে। পরবর্তীতে ভুটানের রাজার আগ্রহের ভিত্তিতে বাংলাদেশ ও ভুটানের মধ্যে জিটুজি (সরকার-টু-সরকার) যৌথ উদ্যোগের অধীনে বেজা উক্ত স্থানে একটি ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার প্রস্তাব করে।
সংসদ নেতা জানান, এই অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠার জন্য বেজার অনুকূলে ১৫০.০৭ একর খাস জমি এবং ৬৯.৫৭ একর ব্যক্তিমালিকানাধীন জমি বরাদ্দ বা অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। এ পর্যন্ত বেজা উক্ত মৌজায় ১৩৩.৯২ একর জমির মালিকানা লাভ করেছে। এছাড়া, একই মৌজায় আরও ৬১.৮৭ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী জানান, ভুটানের রাজা ২৫ মার্চ, ২০২৪ থেকে চার দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ ভ্রমণ করেন। সফরকালীন সময়ে তিনি প্রস্তাবিত ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ পরিদর্শন করেন। পরববর্তীতে জিটুজি ভিত্তিতে এ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ও ভুটান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশ ও ভুটান সরকারের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়। বর্তমানে ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’-এর জন্য ভুটান সরকার কর্তৃক দ্রুত ডেভেলপার কোম্পানি নিয়োগ এবং যৌথ ওয়ার্কিং গ্রুপের ১ম সভা বেজা কর্তৃক আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।