বাসস
  ২৩ জুন ২০২৬, ১৯:৩৫

ঘরে বসেই কৃষক অ্যাপে সরকারিভাবে ধান বিক্রি সম্ভব : খাদ্য প্রতিমন্ত্রী 

খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ফাইল ছবি

সংসদ ভবন, ২৩ জুন, ২০২৬ (বাসস) : খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, ঘরে বসেই সরকারিভাবে সরাসরি কৃষকদের কাজ থেকে ডিজিটাল পদ্ধতিতে ধান ক্রয়ের জন্য চালুকৃত কৃষক অ্যাপ বা অনলাইন সিস্টেমে নিবন্ধন করা যায়।

সাধারণ ও নিরক্ষর প্রান্তিক কৃষক নিজ বা পরিবারের যে কোনো সদস্যের স্মার্ট ফোন বা কম্পিউটার থেকে যে কারো সাহায্যে বা ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা যেকোনো কম্পিউটারের দোকান থেকে নিবন্ধন বা ধান বিক্রির আবেদন করতে পারবেন বলে তিনি জানান। 

প্রতিমন্ত্রী আজ সংসদে যশোর-৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. গোলাম রছুলের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি জানান, কৃষি বিভাগ কর্তৃক কৃষি কার্ড করা হলে কৃষককে আর কৃষকের অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে না। কৃষকের অ্যাপের সাথে সরাসরি কৃষি কার্ড ডাটাবেজে ইন্টিগ্রেশন করা হবে। প্রতিটি সরকারি খাদ্য গুদামে সংগ্রহ কার্যক্রম চলাকালে কৃষককে সহায়তা প্রদানের জন্য কৃষক সহায়তা বুথ স্থাপন করা হয়; যা এক প্রকার ওয়ান স্টপ সার্ভিস।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি গুদামে ধান সংগ্রহ আরও সহজ করার জন্য কৃষকের অ্যাপের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকাভুক্ত কৃষকের কাছ থেকে ‘আগে আসলে আগে বিক্রি করতে পারবেন’ ভিত্তিতে ধান সংগ্রহ করা হচ্ছে।