বাসস
  ২৩ জুন ২০২৬, ১৭:৫৫

চালের দাম স্থিতিশীল রাখতে সরকার বদ্ধপরিকর : খাদ্য প্রতিমন্ত্রী

খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ফাইল ছবি

সংসদ ভবন, ২৩ জুন, ২০২৬ (বাসস): খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, বর্তমান সরকার বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে বদ্ধপরিকর। সে লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।

তিনি আজ সংসদে নওগাঁ-৩ আসনের সরকারি দলের সদস্য মো. ফজলে হুদার টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

খাদ্য প্রতিমন্ত্রী বলেন, অবৈধ মজুতদার ও বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব চাল যথাসময়ে বিতরণ নিশ্চিতকরণের লক্ষ্যে খাদ্যবান্ধব ডাটাবেজের মাধ্যমে ডিজিটাল প্রক্রিয়ায় চাল বিতরণের পরিকল্পনা রয়েছে।