
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গণতন্ত্রের মহোৎসব হিসেবে অভিহিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
তিনি বলেন, প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ তার কাছে ঈদ উদযাপনের মতই আনন্দের ও মর্যাদাপূর্ণ।
আজ বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জাবি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর তিনি এসব কথা বলেন।
উপাচার্য আরও বলেন, ‘আজকের জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, এটি আমাদের গণতান্ত্রিক অধিকার চর্চার এক মহাউৎসবও। প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার প্রয়োগ আমার কাছে ঈদ উদযাপনের মতই আনন্দের ও মর্যাদার।’
তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম কখনোই সহজ ছিল না। জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে জাবি ভিসি বলেন, যারা শহীদ ও আহত হয়েছেন, তারা অসীম ত্যাগ স্বীকার করেছেন। তাদের আত্মত্যাগের মাধ্যমেই জাতি ভোটাধিকার প্রয়োগের সুযোগ ফিরে পেয়েছে। ‘তাদের এই ত্যাগ আমাদের কাছে পবিত্র আমানত’ বলেও দাবী করেন তিনি।
উপাচার্য বলেন, এ নির্বাচন নাগরিকদের ওপর শহীদদের প্রত্যাশা পূরণের দায়িত্বও অর্পণ করেছে। গণতন্ত্রকে সুসংহত করা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা এখন সবার দায়িত্ব।
অধ্যাপক ড. কামরুল বলেন, ‘আমরা যদি সচেতনভাবে, স্বাধীনভাবে ও দায়িত্বশীলতার সঙ্গে ভোট দেই, তবেই তাদের আত্মত্যাগ সার্থক হবে।’
সকল নাগরিক, বিশেষ করে তরুণ প্রজন্মকে শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র শুধু একটি শব্দ নয়; একটি চর্চা, সংস্কৃতি ও অঙ্গীকার।
ভোটারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করা এবং ন্যায়ভিত্তিক, অংশগ্রহণমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহবানও জানান তিনি।