বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৮

ঝালকাঠির দু’টি আসনে ২৩৭টি ভোট কেন্দ্র প্রস্তুত  ‎

ঝালকাঠি, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে সকল ভোট কেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে।

আগামীকাল অনুষ্ঠেয় ভোট গ্রহণকে সামনে রেখে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং জেলার ২৩৭টি কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বুধবার সকালে উপজেলার ৭৭টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়। একইভাবে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনের ৯০টি এবং সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনের ১৩৭টি কেন্দ্রেও সরঞ্জাম পাঠানো হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে সরঞ্জাম বুঝিয়ে দেন। পরে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো.মমিন উদ্দিন বাসস’কে জানান, ঝালকাঠি জেলার দু’টি আসনে মোট ২৩৭টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোট কক্ষ ১ হাজার ৩৩৫টি। এরমধ্যে ১ হাজার ২৪৯টি স্থায়ী এবং ৮৬টি অস্থায়ী। জেলার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৮২৬ জন। এরমধ্যে পুরুষ ৩ লাখ ১ হাজার ৮৭৭ জন, নারী ২ লাখ ৯১ হাজার ৯৪৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। 

উপজেলা ভিত্তিতে রাজাপুরে ২ লাখ ২৮ হাজার ৪৩০ জন। সদর উপজেলায় ১ লাখ ৮৮ হাজার ৫৩৫ জন এবং নলছিটিতে ১ লাখ ৭৬ হাজার ৮৬১ জন ভোটার রয়েছেন। গড়ে প্রতি কেন্দ্রে প্রায় আড়াই হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশন জেলার ১৩৩টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এরমধ্যে ৮৩টি গুরুত্বপূর্ণ ও ৫০টি অধিকতর গুরুত্বপূর্ণ। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে ৩ জন পুলিশ ও ১৫ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ২৩৭টি কেন্দ্রের সার্বিক নিরাপত্তায় পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ মোট ৪ হাজার ৫৭৯ জন সদস্য দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনী ও নৌবাহিনী টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে।

ঝালকাঠির জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. মমিন উদ্দিন বাসস’কে বলেন, জেলার দুই আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, সিসিটিভি স্থাপন এবং সরঞ্জাম বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত দিনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে।
‎‎
সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে গণভোট ও সাধারণ ভোটের ব্যালট পেপারসহ সব সরঞ্জাম বুঝিয়ে দেয়া হয়েছে। বিকেলের মধ্যেই সব কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে গেছে। সংশ্লিষ্টদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, ঝালকাঠি-১ আসনে ১০ জন প্রার্থী এবং ঝালকাঠি-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। দুই আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, জেএসডি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলীয়, জোটভুক্ত ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১৮ জন প্রার্থী মাঠে রয়েছেন। তাদের মধ্যে একজন নারী প্রার্থীও রয়েছেন।

প্রশাসনিক কাঠামো অনুযায়ী জেলায় চারটি উপজেলা-রাজাপুর, কাঁঠালিয়া, ঝালকাঠি সদর ও নলছিটি। দু’টি পৌরসভা ও ৩২টি ইউনিয়ন-ওয়ার্ড নিয়ে গঠিত এই জেলায় নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জেলা প্রশাসক আশাবাদী আগামীকাল নির্ধারিত সময়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।