বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৮

নওগাঁয় ভোটের প্রস্তুতি সম্পন্ন

ছবি : বাসস

নওগাঁ, ১১ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোকে ভোটগ্রহণের উপযোগী করা হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলা সহকারি রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। 

আজ বুধবার সকাল ১০ টা থেকে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, প্যাড, অমোচনীয় কলম সহ প্রায় ১৫ ধরনের বিভিন্ন সরঞ্জাম বিরতণ করা হয়। এসময় প্রিজাইডিং অফিসার, পুলিশ কর্মকর্তা ও আনসার সদস্যরা নিরাপত্তা দিয়ে নিয়ে এসব সরঞ্জাম ভোট কেন্দ্রে নিয়ে যান।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলায় ৬টি সংসদীয় আসনে বিভিন্ন দলের মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। যেখানে মোট ভোটকেন্দ্র রয়েছে ৭৮২ টি এবং মোট ভোটার ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন।

ইতোমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে ৩৬৪ টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এছাড়া পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার ইবনুল আবেদীন বলেন, ব্যালট পেপার সহ সিল, প্যাড, কাগজপত্র ও ফলাফল প্রস্তুতের ফরম সহ আনুষঙ্গিক উপকরণ বিতরণ করা হয়েছে। সেগুলো প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার ও আনসার সদস্যরা নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের জন্য অস্ত্রধারী দেহরক্ষীর ব্যবস্থা রয়েছে। সার্বিক নিরাপত্তায় বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন আছেন। 

নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে ৩৬৪ টি গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ২৫৫ টি অফলাইন বডি অন ক্যামেরা থাকবে। পাশাপাশি ১০৯ টি অধিক গুরুপত্বপূর্ণ কেন্দ্রে অনলাইন বডি অন ক্যামেরা থাকবে। যা সিসিটিভি ক্যামেরার মত কাজ করবে এবং কন্ট্রোল রুম থেকে দেখা যাবে।

আসন্ন নির্বাচন ও গণভোটে দুইহাজারেরও বেশি পুলিশ সদস্য মাঠে থাকবেন। 

নওগাঁর জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, জেলায় ৭৮২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে আছেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে তদারকি করছেন।