বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৭

সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি চালু করতে চান: সুনামগঞ্জ-২ এর জামায়াত প্রার্থী শিশির মনির 

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ, ৯ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসন (দিরাই-শাল্লা) সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি চালু করার অভিপ্রায় ব্যক্ত করেছেন জামায়াত ইসলামী প্রার্থী শিশির মনির।

এছাড়াও শ্রমজীবী মানুষের অধিকার, সামাজিক বৈষম্য হ্রাস ও রাষ্ট্রীয় সম্পদের সুষম বণ্টনে অগ্রধিকার ভিত্তিতে কাজ করবেন বলে জানান তিনি। 

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত ইসলামী প্রার্থী শিশির মনির বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কে এক সাক্ষাৎকারে তিনি তার এসব প্রতিশ্রুতির কথা জানান।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের বাড়ি শাল্লা উপজেলার দৌলতপুরে। তার জন্ম ১৯৮১ সালের ১ আগস্ট। তাঁর পিতা মোহাম্মদ মুকিত মনির ও মাতা মোছাম্মৎ হামিদা খানম। 

শিশির মনির ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর মজলিশে শুরার সদস্য, বাংলাদেশ ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি। 

এছাড়াও জামায়াতে ইসলামী মতাদর্শী সামাজিক সংগঠনের সম্পৃক্ততা আছে তাঁর। সংগঠনের নাম প্রতিকার। এই সংগঠনের তিনি সাধারণ সম্পাদক। তিনি বর্তমানে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ করছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক বিষয়ে জামায়াত প্রার্থী মোহাম্মদ শিশির মনির বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের উত্তর দেন। 

তার সাক্ষাৎকার নিয়েছেন বাসসের সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মুহাম্মদ আমিনুল হক।

বাসস: আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনের প্রতিশ্রুতি কী?

শিশির মনির: পূর্বে কোন নির্বাচনে অংশগ্রহণ না করলেও ২০০১ সাল থেকে রাজনীতিতে সক্রিয় আছি। দিরাই-শাল্লায় সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি চালু করতে কাজ করছি। আমি নির্বাচিত হলে ভাটির জনপদের সচেতন মানুষদের সংগঠিত করে এলাকার উন্নয়নে কাজ করবো।

নিজ উদ্যোগে বিভিন্ন সামাজিক কার্যক্রমের এর মাধ্যমে হুইল চেয়ার বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান, মসজিদ, মাদরাসা, মন্দির, কবরস্থান, শ্মশান নির্মাণ ও সংস্কারে সহায়তা প্রদান করছি। এছাড়াও যুব সমাজকে সংগঠিত করে এলাকার বিভিন্ন উন্নয়ন ও শিক্ষা বৃত্তি, ফ্রি মেডিকেল ক্যাম্প করে আসছি। আমি নির্বাচিত হলে এসব কার্যক্রমকে আরো বেগবান করবো।

বাসস: নির্বাচনী আচরণবিধি পালনে নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?

শিশির মনির: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ গঠনের নির্বাচন, তাই এই নির্বাচনে তিনি সকল নেতাকর্মীকে নির্বাচনী আচরণবিধি মানার আহ্বান জানান।

বাসস: জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?

শিশির মনির: জুলাই সনদ গণভোট জাতির জন্য একটি নিয়ামক হিসেবে তিনি উল্লেখ করেন। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেয়েছি। নতুন বাংলাদেশ গড়তে জুলাই সনদ বাস্তাবয়ন অত্যন্ত জরুরি।

বাসস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনার প্রত্যাশা কী?

শিশির মনির: বিশিষ্ট পার্লামেন্টারিয়ান প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের মতো সংসদ কাপানো নেতা হতে চাই। এজন্য সবার আর্শীবাদ চাই।

ভাটির রাজধানী খ্যাত সুনামগঞ্জ-২ আসনে সাতবারের এমপি ছিলেন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেন গুপ্ত। এবার এই আসনে প্রতিদ্বন্ধিতা করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বয়োজ্যেষ্ঠ রাজনীতিক নাছির উদ্দিন চৌধুরী ও প্রখ্যাত আইনজীবী জামায়াত নেতা শিশির মনির ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী নিরঞ্জন দাস খোকন।

বিএনপি ও জামায়াত নিজ নিজ দলে দুইজনেই চমক। দুই প্রার্থীই প্রভাবশালী হওয়ায় এই আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। জাতীয় পর্যায়েও আছেন এই দুই প্রার্থী আলোচনায়। কে হচ্ছেন এই আসনের কান্ডারী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জ-২ আসনে নির্বাচনী উত্তাপ সরগরম। এই আসনে চলছে প্রবীণ ও নবীনের চলছে লড়াই।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) উপজেলা নিয়ে গঠিত। অবেহেলিত এই জনপদে রয়েছে ২ টি উপজেলা। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার, ১ লাখ ৫৪ হাজর ৬৫২ জন, নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৩৯৯ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।