বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২০

নির্বাচনী দায়িত্ব পালনে ডিএমপির ২৫ হাজার পুলিশকে প্রশিক্ষণ দেয়া হয়েছে : ডিএমপি কমিশনার

সোমবার দুপুরে রাজধানীর মিন্টুরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: বাসস

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নির্বাচনী দায়িত্ব পালনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৫ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টুরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত’ এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। 

ডিএমপি কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

তিনি বলেন, নির্বাচন সুন্দর পরিবেশে  অবাধ ও সুষ্ঠুভাবে যাতে অনুষ্ঠিত হয়, সেজন্য আমরা ডিএমপিতে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।

পুলিশ কমিশনার বলেন, ভোটাররা যাতে ভোটকেন্দ্রে নিশ্চিন্তে আসতে পারেন, সেটা নিশ্চিত করবে ঢাকা মহানগর পুলিশ। 

তিনি বলেন, ডিএমপিতে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৬১৪টি। এই কেন্দ্রগুলোতে চারজন করে পুলিশ সদস্য থাকবে। ৫১৭ টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, এই কেন্দ্রগুলোতে সাতজন করে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া থাকবে বডি ওর্ন ক্যামেরা। নিরাপত্তায় ১৮০টি স্ট্রাইকিং টিম ও ৫১০টি মোবাইল টিম থাকবে।

তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।