বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬

স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি দিলেন বিএনপির কপিল কৃষ্ণ মন্ডল

বাগেরহাট-১ আসনের বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল ।ছবি: বাসস

বাগেরহাট, ৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত বাগেরহাট-১ আসনের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল এলাকায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। 

তিনি বলেন, আমি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারীর মানুষ দীর্ঘদিন অবহেলিত। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে এই আসনকে একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় রূপান্তরিত করবো।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনি জনসভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন। মোল্লাহাট উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মোল্লাহাট কেআর কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল।

অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। কপিল কৃষ্ণ মন্ডল একজন পরীক্ষিত, সৎ ও জনগণের নেতা। তাকে বিজয়ী করেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন, বিএনপি কখনো লুটপাটের রাজনীতি করেনি। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে রাজপথে আছি। আগামী নির্বাচনে বাগেরহাট-১ আসনে কপিল কৃষ্ণ মন্ডলকে বিজয়ী করতে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদের সঞ্চালনায় উক্ত জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওড়াকান্দীর প্রধান সুব্রত ঠাকুর।

জনসভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা কপিল কৃষ্ণ মন্ডলের পক্ষে স্লোগানে স্লোগানে সমাবেশ স্থল মুখর করে রাখে।