বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩৫

ক্ষমতায় গেলে বিএনপি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে : ড. আব্দুল মঈন খান

ছবি : বাসস

নরসিংদী, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আপনারা জানেন, গত দুই দশক ধরে মানুষ তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারেনি। ভোটকেন্দ্রে গিয়ে শুনেছে-তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। সেই ভুয়া ভোট ও রাতের ভোটের সংস্কৃতি বিদায় নিয়েছে।

তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে চাই। আমরা এমন একটি অবস্থা তৈরি করতে চাই, যেখানে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে, দেশে সুশাসন থাকবে এবং বাংলাদেশের মানুষ নিয়ম-শৃঙ্খলা মেনে সুখে-শান্তিতে বসবাস করবে। এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে দেশের প্রায় ১৩ কোটি ভোটারকে তাদের পছন্দমতো ভোটাধিকার প্রয়োগ করতে হবে।’

আজ শনিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, বেগম খালেদা জিয়ার ওপর কী ধরনের নির্যাতন চালানো হয়েছিল। একটি মিথ্যা মামলায় নাজিমউদ্দীন রোডের একটি বাসার একটি কক্ষে তাঁকে বন্দি করে রাখা হয়েছিল। বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় নির্বাসনে পাঠানো হয়েছিল। এ পরিস্থিতিতে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ১২ ফেব্রুয়ারি আপনারা ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার নামক সেই অস্ত্র প্রয়োগ করবেন, যে অস্ত্রের কোনো গুলি নেই। ভোট প্রদান একটি পবিত্র আমানত, সবার দায়িত্ব। নির্বাচিত সরকার দেশের কল্যাণে কাজ করবে। আপনারা যদি বিএনপিকে সে সুযোগ দেন, বিএনপি আপনাদের কল্যাণে কাজ করে যাবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের সব সম্পদ লুটপাট করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। সেই ভঙ্গুর অবস্থা থেকে মাত্র সাড়ে তিন বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যান।’

তিনি আরও বলেন, ‘আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সেনা শাসনের অবসান ঘটিয়ে পুনরায় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম। তারেক রহমানের নেতৃত্বে আমরা আবারও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, ইনশাআল্লাহ।’

এ সময় ড. মঈন খানের কন্যা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফেলো ড. শাহরিন খান, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পলাশ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিকুর রহমান পাপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।