শিরোনাম

কুমিল্লা, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : কুমিল্লা-৬ (কুমিল্লা মহানগর, কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা সদর ও সদর দক্ষিণ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
আজ শনিবার কুমিল্লা নগরীর টাউন হল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ১৭ দফা নির্বাচনী ইশতেহার উপস্থাপন করা হয়। ইশতেহার উপস্থাপন করেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোছলেহ উদ্দিন। ইশতেহারে কুমিল্লার সার্বিক উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধিকে প্রাধান্য দিয়ে বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা তুলে ধরা হয়।
ইশতেহারের প্রথম দফায় কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি আধুনিক নগরায়ন, কুমিল্লা বিমানবন্দর চালু, জলাবদ্ধতা নিরসন ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, যানজট সমস্যা সমাধান, ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, বেকারত্ব দূরীকরণ, কৃষক ও শ্রমিকের জীবনমান উন্নয়ন, নারী ও শিশু সুরক্ষা, প্রবাসীদের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষার অঙ্গীকার করা হয়।
ইশতেহার ঘোষণা শেষে সাধারণ জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। এ সময় তিনি জানান, কুমিল্লাকে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক, জনবান্ধব ও উন্নত নগরীতে রূপান্তর করাই তার মূল লক্ষ্য। ঘোষিত ১৭টি বিষয় বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. মুজিবুর রহমান, কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নুর উদ্দীন আহমেদ, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাছান আহমেদ, সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান ও ইঞ্জিনিয়ার সাঈদুর রহমানসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমান।