শিরোনাম

নাটোর, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে সুশাসন কায়েম করতে ১২ তারিখের প্রথম ভোট ‘হ্যাঁ’ এর পক্ষে হোক। দেশের যুব সমাজ নতুন রাজনীতি নতুন বাংলাদেশের পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাই তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে।
আজ বৃহস্পতিবার নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, যারা পঁচা রাজনীতির মাধ্যমে দেশকে পেছনে টেনে নিয়ে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তারা ভেতরে ভেতরে ‘না’ ভোট দিতে চায়। সাধু সাবধান। জনগণ এবার কাউকে ছেড়ে কথা বলবে না।
ডা. শফিকুর রহমান বলেন, এবারের নির্বাচনে জনগণের ভোটে আল্লাহ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নিলে সকলের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। কারো দুর্নীতি মেনে নেয়া হবে না। একজন সাধারণ নাগরিক দুর্নীতি করলে লুটপাট করলে যেমন বিচারের আওতায় আনা হবে, তেমনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি দুর্নীতি করলে, লুটপাট করলেও বিচারের আওতায় আনা হবে।
তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে মদিনার আদলে শান্তি-সাম্যের দেশ জাতিকে উপহার দেয়া হবে। রাত দিন যেকোন সময় কোন নারী পথে বের হলে তাকে অসম্মানীত হতে হবে না। তাঁরা সম্মানের সাথে কর্মস্থলে তাদের দায়িত্ব পালন করবেন। জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছর পর্যন্ত প্রতিটি শিশুর এবং ৬৫ বছরের উর্দ্ধে সকল মানুষের সুচিকিৎসার দায়িত্ব নেবে সরকার।
ডা. শফিকুর রহমান বলেন, সারা বাংলাদেশে ১১ দলীয় জোটের জোয়ার শুরু হয়েছে। সত্যের পথে পুরুষের সাথে নারীরা রাস্তায় নেমে আসছে। প্রতিটি সভা সমাবেশে নারীরাও উপস্থিত হয়ে সেই কথাই জানান দিচ্ছেন। ১২ ফেব্রুয়ারী নির্বাচন শেষে ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত অবিচল আস্থার সাথে কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি দেশ প্রেমিক ছাত্রজনতার প্রতি আহবান জানান।
নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক মো. সাদেকুর রহমানের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জাগপা মুখপাত্র রাশেদ প্রধান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহীম হোসেন রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এস এম ফরহাদ, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম ও আতিকুল ইসলাম রাসেল এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান প্রমুখ।
বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান নাটোর-১ আসনে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ, নাটোর-২ আসনে জামায়াতের প্রার্থী জেলা নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, নাটোর-৪ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ও নাটোর-৩ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এস এম জার্জিস কাদির বাবুকে পরিচয় করিয়ে তাদের হাতে দলীয় প্রতীক তুলে দেন।