শিরোনাম

জামালপুর, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ আসনে (মেলান্দহ ও মাদারগঞ্জ) নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে। এ আসনের ৯ জন প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ব্যস্ত সময় পার করছেন।
আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মো. মোস্তাফিজুর রহমান বাবুল, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মো. মজিবুর রহমান আজাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, জাতীয় পার্টি’র মীর সামসুল আলম, গণঅধিকার পরিষদ-এর লিটন মিয়া এবং গণসংহতি আন্দোলন-এর ফিদেল নঈম।
দলীয় প্রার্থীদের পাশাপাশি ৩ জন স্বতন্ত্র প্রার্থীও লড়াইয়ে রয়েছেন। তারা হলেন- মো. সাদিকুর রহমান শুভ, শিবলুল বারী এবং একমাত্র নারী প্রার্থী ফারজানা ফরিদ।
বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল নিজ আসনের বিভিন্ন এলাকায় জোরালো প্রচারণা চালাচ্ছেন। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সঙ্গে আলাপকালে তিনি বলেন, তার মূল লক্ষ্য মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় সামাজিক সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করা।
তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন।
পাশাপাশি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি শান্তিপূর্ণ সমাজ গড়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, বিএনপি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে এবং দলের নেতা-কর্মীরা এটির প্রচারণায় ব্যস্ত রয়েছেন।
এছাড়া, একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশাও ব্যক্ত করেন বিএনপির এই প্রার্থী।
এদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মজিবুর রহমান আজাদী ভোটারদের ঘরে ঘরে গিয়ে সমর্থন চাইছেন।
তিনি জানান, তার দল একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিকে প্রাধান্য দিচ্ছে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।
‘জুলাই সনদ’ প্রসঙ্গে আজাদী বলেন, সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী তারা ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাচ্ছেন। দীর্ঘকাল মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে তিনি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আশা প্রকাশ করেন।
স্বতন্ত্র প্রার্থী মো. সাদিকুর রহমান শুভ তার নির্বাচনী অঙ্গীকারে মাদারগঞ্জ উপজেলা পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, দু’টি নার্সিং ইনস্টিটিউট ও একটি লাইব্রেরি স্থাপন এবং বগুড়ার সারিয়াকান্দির সঙ্গে সংযোগ স্থাপনে মাদারগঞ্জে সেতু নির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন। নদী ভাঙন রোধে টেকসই পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
স্বতন্ত্র প্রার্থী শুভ জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ৮০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৯ হাজার ৯১৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৬২ হাজার ৮৮৬ জন। এছাড়া, ৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
আসনটিতে ১৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যার মধ্যে মাদারগঞ্জে ৬২টি এবং মেলান্দহে ৯২টি কেন্দ্র রয়েছে। ভোটারদের জন্য সব মিলিয়ে ৯৭৪টি ভোটকক্ষ প্রস্তুত করা হবে।