বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৯
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৮

যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারাই ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত: সালাহউদ্দিন আহমেদ

রোববার কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা মানিকপাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপির নির্বাচনী পথসভায় কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। ছবি: বাসস

কক্সবাজার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। 

আজ (রোববার) দুপুরে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা মানিকপাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপির নির্বাচনী পথসভায় এসব অভিযোগ করেন তিনি।

বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, অন্য যেসব দল মাঠে রয়েছে এদেশের মানুষের জন্য তাদের কোন পরিকল্পনা নেই। তারা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। 

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল। বিলুপ্ত গণতন্ত্রকে বারবার বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার করা হয়েছে বলেও দাবী করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণঅভ্যুত্থানে শত শত মানুষ শহীদ হয়েছে; রাজপথে রক্ত দিয়েছে। তাদের আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সেই বাংলাদেশ প্রতিষ্ঠা ও শহীদদের আকাঙ্ক্ষা পূরণে ধানের শীষে ভোট চান তিনি।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, আমরা অবাস্তব কিছু বলছি না। শিক্ষিত বেকার তৈরি না করে, কর্মক্ষম হাতের সৃজন করাই আমাদের উদ্দেশ্য। আমরা ১৮ কোটি মানুষের ৩৬ কোটি কর্মের হাত তৈরি করতে চাই।

তিনি বলেন, আমরা পরিবেশের জন্য বৃক্ষরোপণ করব, খাল খনন করব এবং প্লাস্টিকের দূষণ ও ব্যবহার কমাব। এগুলো নিয়ে বিএনপির অনেক পরিকল্পনা রয়েছে।

সালাহউদ্দিন বলেন, বিগত সময়ে দেশে অর্থনৈতিক যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনবে বিএনপি। এ জন্য তিনি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু মিয়া, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।