বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১১
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৩

ঢাকা-৮ আসনের সিপিবির প্রার্থীর নির্বাচনী জনসংযোগ

ছবি: ফেসবুক

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ সংসদীয় আসনের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির মনোনীত প্রার্থী ত্রিদ্বীপ কুমার সাহা আজ বিকেলে রাজধানীর পুরানা পল্টন এলাকায় ব্যাপক জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

এ সময় তিনি পুরানা পল্টনের বিভিন্ন মার্কেট, ফুটপাতের বিভিন্ন দোকানি ও পথচারীদের হাতে দলীয় লিফলেট তুলে দেন এবং তাদের কাছে ভোট চান।

জনসংযোগ শেষে পুরানা পল্টন মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি বক্তব্য রাখেন।

সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাকিব হাসান মুন্না ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় ত্রিদ্বীপ কুমার সাহা বলেন, আপনারা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবিকে কাস্তে মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

দেশের প্রতিটি উপজেলায় একটি করে উন্নতমানের হাসপাতাল নির্মাণ করা হবে। যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ তাদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পেতে পারে।

তিনি বলেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা হবে। কৃষিপণ্য সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে এবং তা জনগণের হাতে পৌঁছে দেওয়া হবে। এতে একদিকে কৃষকরা যেমন তাদের পণ্যের ন্যায্যমূল্য পাবে, তেমনি দেশের মানুষও কম দামে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবে। বাজারে কোনো ধরনের সিন্ডিকেট মেনে নেওয়া হবে না।

যুব সমাজের কর্মসংস্থানের বিষয়ে ত্রিদ্বীপ কুমার বলেন, দেশের যুবসমাজ বর্তমানে হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছে। তাদের হাতে মাদক ও অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। ক্ষমতায় যাওয়ার জন্য তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ২৬ লাখ বেকার তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না। সিপিবি সরকার গঠন করলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আগের সরকার উন্নয়নের নামে পরিকল্পিত লুটপাট করেছে। সামনের দিনগুলোতে আর সেটা যেন না হতে পারে।

তিনি আরও বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে ঢাকা-৮ আসনের জন্য একটি জব সাইট চালু করা হবে। যাতে প্রতি যুবক তার পছন্দ ও যোগ্যতা অনুযায়ী নিজ নিজ কর্মসংস্থান বেছে নিতে পারে।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে তাদের নির্বাচনী বৈতরণি পার করতে ব্যস্ত সময় পার করছে।