বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৯
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৭

জামায়াত প্রতিহিংসার রাজনীতি করে না: শেরপুুরে জামায়াতের আমির

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান রোববার শেরপুর শহরের দারোগ আলী পৌর পার্ক মাঠে ১১ দলীয় ঐক্যজোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস

শেরপুর, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত প্রতিহিংসার রাজনীতি করে না। বিগত আওয়ামী সরকারের আমলে অন্যতম নির্যাতিত মজলুম দল এই জামায়াতে ইসলামী। কিন্তু জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতের কোনো নেতাকর্মী প্রতিহিংসামূলক রাজনীতি করেনি।

আজ রোববার শেরপুর শহরের দারোগ আলী পৌর পার্ক মাঠে ১১ দলীয় ঐক্যজোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় তিনি বলেন, ‘আমার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে মা-বোনদের নিয়ে অত্যন্ত অরুচিকর-কুরুচিকর মন্তব্য প্রকাশ করা হয়েছে। আবার এই ঘটনায় একটি দল হৈ-হৈ রৈ রৈ করে মিছিল শুরু করে দিয়েছে। আমি সাবধান করে দিচ্ছি- যারা মা-বোনদের অপমান করছেন, তাদের বিচার বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যেমে জবাব দিবে।’

সমাবেশে নারী কর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘মায়ের শরীরে হাত দিলে বাংলাদেশ বিস্ফোরিত হবে। যারা নারীদের বিবস্ত্র করতে চায় তারা মানুষ নয়, অমানুষ।

জামায়াত নির্বাচিত হলে নারীদের ঘর, চলাচল ও কর্মস্থল নিরাপদ করবে।’

তরুণদের বিষয়ে তিনি বলেন, ক্ষমতায় এলে জামায়াত বাংলাদেশের সব জেলায় মেডিকেল কলেজ স্থাপন করবে। আগামীর বাংলাদেশে আমরা যুবকদের পাইলট বানিয়ে যাত্রী হয়ে আকাশে উড়বো। আমরা সরকার গঠন করতে পারলে যে পেশার যত ওজন, বেতন-ভাতা সেভাবেই উন্নীত করা হবে।

তিনি বলেন, ‘কোনো চান্দা-বাটপারের সঙ্গে আমাদের সম্পর্কে থাকবে না। দলীয়ভাবে আমরা কোনো প্রতিশোধ নেব না। এছাড়া কোনো মামলা বাণিজ্য করব না।’

সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারী মাওলানা আব্দুল বাতেন, শেরপুর- ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর- ২ আসনের প্রার্থী গোলাম কিবরিয়া, শেরপুর- ৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল।