শিরোনাম

যশোর, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা দলীয় রাজনীতির বিজয় নয় বরং ১৮ কোটি মানুষের বিজয় চান।
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে ফ্যাসিবাদী কায়দায় শাসন চলবে না, চাঁদাবাজি হবে না। ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি।
আজ মঙ্গলবার সকালে যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘চব্বিশের বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, আর আগামী ১২ ফেব্রুয়ারির বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে।’

যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, ‘যুবসমাজ বস্তাপঁচা রাজনীতি আর দেখতে চায় না। যে রাজনীতি দীর্ঘদিন ধরে দেশকে অন্ধকার গলিতে ঠেলে দিয়েছে, সেই রাজনীতি তারা করতে চান না।’
এ সময় প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দেশ গড়ার কাজে সম্পৃক্ত করে কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলেন তিনি।
জনগণকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসন্ন নির্বাচন কেবল ক্ষমতা পরিবর্তনের লড়াই নয়; এটি জনগণের মাধ্যমে রাজনীতির গতিপথ পরিবর্তনের সুযোগ।’
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভোটে প্রথম ভোটটি ‘হ্যাঁ’-এর পক্ষে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১৮ কোটি মানুষ পরিবর্তন দেখতে চায় এবং গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হবে।
জনসভায় যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আজিজুর রহমান, যশোর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদের, যশোর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মোক্তার আলী, এনসিপির কেন্দ্রীয় নেতা খালিদ সাইফুল্লাহ জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।