শিরোনাম

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস): সরকার ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকা-কুমিল্লা অংশে নতুন কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, এ লক্ষ্যে প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা সমীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সমীক্ষায় প্রস্তাবিত তিনটি এলাইনমেন্টের মধ্যে নারায়ণগঞ্জের শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত একটি এলাইনমেন্ট প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত কর্ডলাইনটি নির্মিত হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে যাবে। ফলে বর্তমান ৩২০ কিলোমিটার দীর্ঘ রুট সংকুচিত হয়ে প্রায় ২৪০ কিলোমিটারে নেমে আসবে। এর মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ট্রেন চলাচলের সময় বর্তমান প্রায় ৫ ঘণ্টা থেকে কমে সাড়ে ৩ ঘণ্টায় নেমে আসার সম্ভাবনা রয়েছে।
এছাড়া চট্টগ্রাম বন্দর, বে-টার্মিনাল এবং মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর থেকে আসা পণ্যবাহী ট্রেনগুলো বিদ্যমান চট্টগ্রাম-ফেনী-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া-ভৈরব-নরসিংদী রেলপথ ব্যবহার করে সরাসরি প্রস্তাবিত ধীরাশ্রম আইসিডি-এর সঙ্গে সংযুক্ত হতে পারবে। এতে দেশের অর্থনীতি ও লজিস্টিকস খাত আরও শক্তিশালী হবে।