শিরোনাম

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : মৌলিক বিজ্ঞান গবেষণা, উদ্ভাবন এবং সামুদ্রিক সম্পদ আহরণ ও ব্যবস্থাপনার মাধ্যমে দেশের সুনীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে আগামী ২০২৬-২৭ অর্থবছরে মোট ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।
তিনি বলেন, নতুন প্রযুক্তি উদ্ভাবনে গবেষণার কোন বিকল্প নেই। তাই আমাদের সরকার দেশ-বিদেশে বিশ্বমানের গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ ট্রাস্টের মাধ্যমে গবেষকদের আর্থিক সহায়তা অব্যাহত রাখবে।
তিনি আরো বলেন, মৌলিক বিজ্ঞান গবেষণা এবং সামুদ্রিক সম্পদ আহরণ ও ব্যবস্থাপনার মাধ্যমে সুনীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরে গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম বাবদ ১০০ কোটি টাকা এবং সুনীল অর্থনীতির বিকাশে আরো ১০০ কোটি টাকাসহ সর্বমোট ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।