শিরোনাম

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : দেশের বিভিন্ন জেলার বিচারপ্রার্থী, আইনজীবী ও সেবা গ্রহীতারা সুপ্রিম কোর্ট হেল্পলাইনে আবেদন ও অভিযোগ করে মাত্র তিন-চার দিনেই প্রতিকার পাচ্ছেন।
সুপ্রিম কোর্টের হেল্পলাইন মনিটরিং সেলের দেওয়া সর্বশেষ তথ্যে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্ট হেল্পলাইনে লিখিত আবেদন করার চার (কার্যদিবসে) দিনের মধ্যেই মামলার সমন জারি সংক্রান্ত সমস্যার প্রতিকার পেয়েছেন ফরিদপুরের আলাউদ্দিন শিকদার। দ্রুত সময়ে সমস্যা প্রতিকার পেয়ে তিনি সুপ্রিম কোর্ট হেল্পলাইনে যোগাযোগ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অন্যদিকে, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সালেক সিভিল রিভিশন শাখায় একটি নথি দীর্ঘদিন যাবৎ খুঁজে না পাওয়ায় সুপ্রিম কোর্ট হেল্পলাইনে লিখিত অভিযোগ করেন। এই অভিযোগ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে বিষয়টি দ্রুততার সাথে নিষ্পত্তি করা হয়।
এছাড়া, নোয়াখালীর লিংকন মিয়া লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের একটি মামলার নকল (সার্টিফাইড কপি) পেতে বিলম্ব হওয়ায় সুপ্রিম কোর্ট হেল্পলাইনে অভিযোগ করেন। সে অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট হেল্পলাইন থেকে সংশ্লিষ্ট জেলার সাথে যোগাযোগ করে মাত্র দুই কার্যদিবসের মধ্যে মামলার নকল সরবরাহের ব্যবস্থা করা হয়। এত দ্রুত নকল পেয়ে সেবাপ্রার্থী সুপ্রীম কোর্ট হেল্পলাইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, সুপ্রিম কোর্টের হেল্পলাইন মনিটরিং সেলের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশ ও বিদেশ থেকে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ সংক্রান্ত মোট ৬ হাজার ৫৫৪টি কল আসে। এসব কলের মধ্যে আইনি পরামর্শ পেতে ৮৭০টি আর মামলার তথ্য জানতে কল আসে ১ হাজার ১৩০টি।
প্রধান বিচারপতির নির্দেশক্রমে গত ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টার উদ্বোধন এবং সুপ্রিম কোর্ট হেল্পলাইন ‘১০৩’ চালু করা হয়। বর্তমানে সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বরে (০১৩১৬-১৫৪২১৬ ও ০১৭৯৫-৩৭৩৬৮০) কল ও হোয়াটসঅ্যাপ সার্ভিস এবং ‘১০৩’-তে অনলাইন সার্ভিস চালু আছে।