বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪০

রংপুরে মাজারের খাদেম হত্যা মামলায় হাইকোর্টে দুই আসামীর মৃত্যুদণ্ড বহাল 

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : এক দশক আগে রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামীর মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড বহাল ও পাঁচজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই রায় ঘোষণা করেন। 

আদালতে এই মামলায় আসামি পক্ষে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সিনিয়র আইনজীবী এস এম শাহজান হোসেন, আইনজীবী আতিকুল ইসলাম সেলিম, আইনজীবী শফিক ও ব্যারিস্টার আনোয়ার হোসেন। 

রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আল আমীন সিদ্দিকী। 

হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন— জেএমবির মাসুদ রানা ও লিটন মিয়া।

অন্যদিকে, হাইকোর্টের রায়ে খালাস পাওয়া পাঁচজন  হলেন— ইছাহাক আলী, সাখাওয়াত হোসেন ওরফে রাহুল, সরওয়ার হোসেন সাবু ওরফে মিজান, উত্তরাঞ্চলের কমান্ডার বিজয় ওরফে আলী ওরফে দরজি ও চান্দু মিয়া।

২০১৫ সালের ১০ নভেম্বর রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে মাজার শরিফের খাদেম রহমত আলীকে (৬০) এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। 

এই ঘটনার পরদিন তার ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা করেন। এই মামলার বিচার শেষে ২০১৮ সালের ১৮ মার্চ সাত আসামিকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে খালাস দেন রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালত। পরবর্তীতে এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।