বাসস
  ২৯ জুলাই ২০২৬, ২১:৪৪

ময়মনসিংহে স্বামী হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহ, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : স্বামীকে শ্বাসরোধে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামি আফরোজা শেখ ইতি ময়মনসিংহ নগরীর হাবুন বেপারী মোড় এলাকার বাসিন্দা এবং নিহত শফিকুল ইসলাম সপু’র দ্বিতীয় স্ত্রী।  

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আকরাম হোসেন বাসসকে এই রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এই হত্যা মামলার বিচার চলাকালে ১২ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ এবং উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এই রায় ঘোষণা করেছেন।

রায়ে বলা হয়, দণ্ডবিধির ৩০২ ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। তাই আসামিকে ওই ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আসামিকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার এজাহারে জানা যায়, নগরের বাঁশবাড়ি কলোনী এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম সপু দাম্পত্য জীবনের প্রথমে মাহমুদা আক্তার কুমুুকে বিয়ে করেন। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। পরে আফরোজা শেখ ইতিকে দ্বিতীয় বিয়ে করলে দুই স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ ও দাম্পত্য কলহের সৃষ্টি হয়।

এ ঘটনার জের ধরে ২০১৯ সালের ১০ জুন সন্ধ্যা থেকে ১৩ জুন পর্যন্ত কোনো একসময় আফরোজা শেখ ইতি, তার ভাই দীন ইসলাম এবং অজ্ঞাতনামা সহযোগীরা পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে শফিকুল ইসলাম সপুকে হত্যা করেন।

পরে মৃতদেহ আকুৃয়া এলাকার একটি পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে রাখে। এরপর ১৩ জুন স্থানীয়রা পুকুরে মৃতদেহ ভেসে থাকতে দেখে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে।

মামলার বাদী ও নিহতের মা নূরুন্নাহারের অভিযোগ করেন, হত্যাকাণ্ড আড়াল করতে আসামি আফরোজা শেখ ইতি স্বামী নিখোঁজ দাবি করে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এই রায়ে আমি সন্তুষ্ট নই, আশা করেছিলেন আসামির ফাঁসি হবে।    

ময়মনসিংহ আদালতের পরিদর্শক পিএসএম পীরজাদা মোস্তাছিনুর রহমান বলেন, আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাকে সাজা ভোগের জন্য ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।