বাসস
  ১৫ জুন ২০২৬, ১২:৫০
আপডেট : ১৫ জুন ২০২৬, ১৪:১৩

বিচার বিভাগে ৮২টি স্থায়ী লিগ্যাল এইড পদ সৃজন, গেজেট প্রকাশ

ঢাকা, ১৫ জুন, ২০২৬ (বাসস): বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে আইনগত সহায়তা কার্যক্রম শক্তিশালী করতে  রাজস্ব খাতে স্থায়ীভাবে ৮২টি নতুন লিগ্যাল এইড পদ সৃজন করেছে সরকার।

এ বিষয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রেড-৩ এ ৭২টি ‘চিফ লিগ্যাল এইড অফিসার’ পদ সৃজন করা হয়েছে।

এর মধ্যে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসে ৬৪টি এবং ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল মহানগর লিগ্যাল এইড অফিসে ৮টি পদ থাকবে।

এছাড়া গ্রেড-৩ এ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের জন্য ২টি ‘লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ)’ পদ সৃজন করা হয়েছে।

অন্যদিকে, গ্রেড-৪ এ ৮টি ‘লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ)’ পদ সৃজন করা হয়েছে।

এসব পদ দেশের ৮টি মহানগর লিগ্যাল এইড অফিসে কর্মরত থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পূর্বে সৃজিত ‘সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসার (অতিরিক্ত জেলা ও দায়রা জজ)’ পদের নাম পরিবর্তন করে ‘চিফ লিগ্যাল এইড অফিসার (অতিরিক্ত জেলা ও দায়রা জজ), সুপ্রিম কোর্ট’ করা হয়েছে।

তবে এ পদের বেতন স্কেলে কোনো পরিবর্তন আনা হয়নি।

নতুন সৃষ্ট পদগুলোর ব্যয়ভার আইন ও বিচার বিভাগের আওতাধীন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের বরাদ্দকৃত বাজেট থেকে বহন করা হবে।

বিচারিক পদ সৃজন কমিটির সুপারিশ এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে পদগুলো সৃষ্টি করা হয়েছে।