বাসস
  ০৯ আগস্ট ২০২৬, ২০:১২

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ, ৯ আগস্ট, ২০২৬ (বাসস): মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলায় সিরাজগঞ্জে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

একইসঙ্গে এ দুটি মামলায় ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ এর আদালতের বিচারক লাইলা শারমিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লার আব্দুল হাকিমের ছেলে শরিফুল ইসলাম বুলেন ও রংপুর কোতোয়ালি থানার উত্তর বাবু খাঁ গ্রামের সুলতান মিয়ার ছেলে সোহেল রানা সুমন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। মামলা দুটি একই আদালতের। দুটি মামলায় একই আদেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ৯ মার্চ সিরাজগঞ্জ শহরের ২নং পুলিশ ফাঁড়ির কয়েকজন সদস্য শহরের বিভিন্নস্থানে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের জন্য বিশেষ অভিযান চালায়। 

অভিযানের এক পর্যায়ে পুলিশের কাছে খবর আসে পৌর এলাকার মালশাপাড়া জামে মসজিদ এলাকায় কয়েকজন যুবক মাদক ক্রয়-বিক্রয় করছে।

এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শরিফুল ইসলাম বুলেন পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে শরীর তল্লাশি চালায়। তার শরীর থেকে ৮ পিচ ইয়াবা ও ২৬ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এ ঘটনায় এসআই ফারুক সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন।

অপরদিকে, ২০১৮ সালের ৩০ জানুয়ারি সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে মাদক বিরোধী অভিযান চালায়। রাত ১টার দিকে রংপুর থেকে ঢাকাগামী ডিপজল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বাস যাত্রী সোহেল রানা সুমনের হেফাজতে থাকা ১ হাজার ৯৬০ পিচ নিষিদ্ধ ভারতীয় তৈরি চেতনানাশক ইনজেকশন জব্দ ও সোহেল রানা গ্রেফতার করে পুলিশ। নিষিদ্ধ ইনজেকশনগুলো ক্রয়-বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলো বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশের এসআই মোখলেছুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করে।

দুটি মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।