বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩১

টানা এক মাসের পরিবর্তে দুই দফায় অধস্তন আদালতের অবকাশকালীন ছুটি

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দেশের অধস্তন আদালতের ডিসেম্বর মাসের অবকাশকালীন ছুটি টানা এক মাসের পরিবর্তে দুই দফায় ১ থেকে ১৫ জুন এবং ১৭ থেকে ৩১ ডিসেম্বর হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রধান বিচারপতির সভাপতিত্বে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে যে, গতকাল বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সভাপতিত্বে হাইকোর্টের বিচারপতিগণের অংশগ্রহণে "ফুলকোর্ট সভা" অনুষ্ঠিত হয়। সে সভায় অধস্তন আদালতের অবকাশকালীন দেওয়ানী ছুটি টানা এক মাসের পরিবর্তে দুই দফায় 

১-১৫ জুন ও ১৭-৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান শফিকুল ইসলাম। 

চলতি বছর (২০২৬ সাল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সভায় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে উপস্থিত বিচারপতিগণকে অবহিত করেন। 

১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তা ও প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী পদায়নের মাধ্যমে সুপ্রীম কোর্ট সচিবালয়ের কার্যক্রম চলমান আছে বলে তিনি সভায় জানান। 

এ ছাড়া সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনার জন্য অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে প্রধান বিচারপতি সভায় উল্লেখ করেন।

এই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্মাণ কাজ শেষ হওয়ার পর, সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে।