শিরোনাম

ময়মনসিংহ, ৯ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের রাজনীতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে। ভোটারদের ভেতরে ভেতরে চলছে জটিল সমীকরণ।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দলীয় প্রার্থী মোতাহার হোসেন তালুকদার কর্মসংস্থান এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও কৃষির উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার কথা বলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কে এক একান্ত সাক্ষাৎকারে তিনি এসব প্রতিশ্রুতির কথা জানান।
ময়মনসিংহ-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দলীয় প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেয়েছেন সাবেক তুখোড় ছাত্রনেতা ও স্থানীয়ভাবে পরিচিত রাজনৈতিক মুখ মোতাহার হোসেন তালুকদার। ২০০১ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন এই নেতা।
এবারের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে ভোটের মাঠে নেমেছেন।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।
তার সাক্ষাৎকার নিয়েছেন বাসসের ময়মনসিংহ জেলা সংবাদদাতা সংবাদদাতা আব্দুল কাইয়ুম।
বাসস: আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?
মোতাহার হোসেন তালুকদার: “ফুলপুর ও তারাকান্দার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। নির্বাচিত হলে কৃষির উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করব। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নই হবে আমার মূল প্রতিশ্রুতি।”
বাসস: নির্বাচনী আচরণবিধি পালনে আপনার দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা কী?
মোতাহার হোসেন তালুকদার: আমি পরিষ্কারভাবে আমার নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি পালনে কঠোর নির্দেশ দিয়েছি। কোনো ধরনের আইন লঙ্ঘন বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। শান্তিপূর্ণ নির্বাচনই আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিচয়। কোনো ধরনের নির্বাচনী আচরণবিধি অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বাসস: জুলাই সনদ ও গণভোট নিয়ে আপনার ব্যক্তিগত অবস্থান কী?
মোতাহার হোসেন তালুকদার: গণতান্ত্রিক সংস্কার এবং জনগণের মতামতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। গণভোটের মাধ্যমেই জনগণের সিদ্ধান্ত নেওয়া উচিত।
বাসস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?
মোতাহার হোসেন তালুকদার: আমি আশা করি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
এ ছাড়া জামায়াত জোটভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিশ-এর প্রার্থী মুহাম্মদুল্লাহ রিকশা প্রতীক নিয়ে সক্রিয় প্রচারণা চালাচ্ছেন। ইসলামী আন্দোলনের গোলাম মাওলা ভূঁইয়া হাতপাখা, জাতীয় পার্টির মো. এমদাদুল হক খান লাঙ্গল, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. জুলহাস উদ্দিন শেখ একতারা এবং স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিকও ভোটের মাঠে রয়েছেন।
শেষ পর্যন্ত এই আসনে বিজয়ী কে হবেন, তা নির্ভর করবে ভোটভাগ, রাজনৈতিক কৌশল এবং নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার ওপরই।