বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৪

শিশু ও প্রবীণদের চিকিৎসা ফ্রি করবো: ঠাকুরগাঁও-৩ আসনে জামায়াত প্রার্থী মিজানুর রহমান

ঠাকুরগাঁও-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মিজানুর রহমান। ছবি: বাসস

ঠাকুরগাঁও , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঠাকুরগাঁও-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মিজানুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে ৫ বছর পর্যন্ত শিশু ও ষাটোর্ধ্ব প্রবীণদের চিকিৎসা ব্যবস্থা ফ্রি করবো। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী এলাকার ভোটারদের তিনি দিয়েছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন ঘিরে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকে লড়াই করা মো. মিজানুর রহমান। সাক্ষাৎকার নিয়েছেন ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা জাকির মোস্তাফিজ মিলু।

বাসস : আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?
মো. মিজানুর রহমান : এই এলাকার বেশির ভাগ মানুষ কৃষক। তারা তাদের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্যমূল্য পান না। আমাদের আমীর কথা দিয়েছেন কৃষক পণ্য আমরা ন্যায্যমূল্যে কিনবো। আমাদের দুটো উপজেলারই স্বাস্থ্যসেবার মান ভালো না। মাত্র ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স এখানে। আমরা ক্ষমতায় গেলে এগুলোকে ৩শ শয্যায় উন্নিত করা হবে। ৫ বছর পর্যন্ত শিশু ও ষাটোর্ধ্ব প্রবীণদের আমরা চিকিৎসা ব্যবস্থা ফ্রি করবো। 

এছাড়া যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বিল্ডিং নেই, এমপিওভুক্ত হয়নি এবং শিক্ষকরা কোনো বেতন পান না, তাদের জন্য আমরা সবকিছু করার চিন্তা করছি। এখানকার রাস্তাঘাটের বেহাল দশা। আমরা রাস্তাগুলো পাকা ও চওড়া করার ব্যবস্থা করবো। আমরা সরকার গঠন করলে সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দেবো, না করতে পারলেও দেবো ইনশাআল্লাহ।

বাসস : নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?
মো. মিজানুর রহমান : নির্বাচন কমিশনের দেয়া আচরণবিধি আমিও মেনে চলছি, আমার কর্মীরাও সম্পূর্ণভাবে মেনে চলছে।

বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?

মো. মিজানুর রহমান : যাদের রক্তের বিনিময়ে জুলাই আন্দোলন, তাদের শ্রদ্ধা জানাতে আমাদের অবশ্যই জুলাই সনদ বাস্তবায়নেরর পক্ষে গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে। এবং জনসাধারণকেও আহবান জানাবো ‘হ্যাঁ’ ভোট দিতে।

বাসস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?

মো. মিজানুর রহমান : আমার প্রত্যাশা একটা নিরপেক্ষ নির্বাচন এবং সে মোতাবেক লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হোক। সামনের নির্বাচন হোক জনসাধারণের আশা আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন, আমাদের প্রত্যাশা ও প্রতিশ্রুতি পূরণের নির্বাচন।

ঠাকুরগাঁও-৩ নম্বর আসনটি পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে রয়েছে ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা। এই আসনের মোট ভোটার ৩ লাখ ৬১ লাখ ৪৪ জন।