শিরোনাম

যশোর, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): আসন্ন জাতীয় নির্বাচনে যশোর ৫ আসনের বিএনপি প্রার্থী রশীদ আহমাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মণিরামপুর গঠন করার প্রতিশ্রুতি দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কে সামনে রেখে সম্প্রতি বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকােের তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি বলেন, মণিরামপুরবাসী যাতে মাদকমুক্ত, সন্ত্রাসী, চাঁদাবাজমুক্ত পরিবেশে শান্তিতে বসবাস করতে পারে তার ব্যবস্থা করবো।
রশীদ আহমাদ মুফতি মোহাম্মদ ওয়াক্কাস প্রতিষ্ঠিত জামিয়া এমদাদিয়া মাদানিনগর মাদ্রাসার মুহতামীম। যশোরের মণিরামপুরে এ মাদ্রাসাটি প্রতিষ্ঠিত। তার পিতা মুফতি ওয়াক্কাস এ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুর পর রশীদ আহমাদও এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন।
তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন বাসসের জেলা সংবাদদাতা মো. সাইফুল ইসলাম।
বাসস: আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনি প্রতিশ্রুতি কী?
রশীদ আহমাদ: আমার প্রথম প্রতিশ্রুতি হলো এ এলাকার দু:খ হিসেবে পরিচিত ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা। নির্বাচিত হলে এই সমস্যার সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেব।
উপজেলার প্রত্যন্ত কিছু এলাকা আছে যেখানে কোন উন্নয়ন হয়নি। সেই স্থানগুলোতে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম চালানো হবে। যানজটের কারণে মণিরামপুর বাজার স্থবির হয়ে পড়ে। এর সমাধান করবো। বৃহৎ এ উপজেলায় মাত্র ৫০ শয্যার একটি হাসপাতাল রয়েছে। এর অন্তত একটিকে ১০০ শয্যায় উন্নীত করবো।
বাসস: নির্বাচনি আচরণ বিধি পালনে নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?
রশীদ আহমাদ: আমার নির্বাচনি প্রচারণায় যারা জড়িত আছেন তাদের প্রত্যেককে কড়া নির্দেশনা দেওয়া আছে। আশা করি তারা নির্বাচনি আচরণবিধি অক্ষরে অক্ষরে প্রতিপালন করবে।
বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী ?
রশীদ আহমাদ: আমি যেহেতু বিএনপি মনোনীত প্রার্থী, তাই এ ব্যাপারে বিএনপির যে অবস্থান আমারও একই অবস্থান।
বাসস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী ?
রশীদ আহমাদ: আমার প্রত্যাশা হলো প্রিজাইডিং অফিসাররা যেন দলীয় না হয়ে নিরপেক্ষ হন এবং কোন ধরণের ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা কারচুপি যেন না হয়। এছাড়া ভোটের দিন যেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হয়। সর্বাগ্রে একটা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করি।
যশোর-৫ (মণিরামপুর) ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা মণিরামপুর। মণিরামপুরে মোট তিন লাখ ৭৪ হাজার ২৫২ জন ভোটার রয়েছেন। যাদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৮ হাজার ৪৮০, নারী ১ লাখ ৮৫ হাজার ৭৬৮ এবং তৃতীয় লিঙ্গের ভেটার ৪ জন। এ আসনে ৫ হাজার একশ ৭৪ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৫ আসনে প্রার্থী হয়েছেন পাঁচজন। তাদের অন্যান্যরা হলেন, জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক, জাতীয় পার্টির এ. এ হালিম, ইসলামী আন্দোলনের মো. জয়নাল আবেদীন ও স্বতন্ত্র শহীদ মো. ইকবাল হোসেন।