বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০

আদর্শ মণিরামপুর গড়ে তুলতে চাই’: যশোর ৫ এর স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন

যশোর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেন। ছবি: বাসস

যশোর, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেন ভবদহের জলাবদ্ধতা নিরসনসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।  

তিনি বলেন, ‘আমি মণিরামপুরবাসীর সেবা করতে চাই। এলাকার উন্নয়নের জন্য ভবদহের জলাবদ্ধতা নিরসন করা সবচেয়ে বেশি প্রয়োজন। ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করে আদর্শ মণিরামপুর গড়ে তুলতে চাই।’  

মো. ইকবাল হোসেন পেশায় একজন আইনজীবী। দীর্ঘকাল বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। নির্বাচনে অংশগ্রহণের আগ পর্যন্ত তিনি মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। 

তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন বাসসের যশোর জেলা সংবাদদাতা মো. সাইফুল ইসলাম। 

বাসস: আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনি প্রতিশ্রুতি কী? 
শহীদ ইকবাল: মণিরামপুরের ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যা সবচেয়ে বড় সমস্যা। এটার একটা স্থায়ী সমাধান আমি করতে চাই। এটাই আমার প্রথম প্রতিশ্রুতি। এর বাইরে মণিরামপুরের উন্নয়ন করতে চাই, মণিরামপুরবাসীর সেবা করতে চাই। একটি আদর্শ মণিরামপুর গড়ে তুলতে চাই। 

বাসস: নির্বাচনি আচরণবিধি পালনে নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী? 
শহীদ ইকবাল: আচরণবিধি শতভাগ মেনে চলবো বলে আমি নির্বাচন কমিশনকে প্রতিশ্রুতি দিয়েছি। আমার নেতা-কর্মীদেরও সেইভাবে বলেছি যে আচরণবিধির মধ্যে থেকেই সবধরণের প্রচারণা কার্যক্রম চালাতে হবে।

বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী ?
শহীদ ইকবাল: যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী, তাই এ বিষয়ে আমার ব্যক্তিগত কোন মতামত নেই। আমি আমার জন্য ভোট চাচ্ছি। এলাকাবাসী হ্যাঁ বা না যেখানেই ভোট দিক, এ বিষয়ে আমার কোন মন্তব্য নেই।

বাসস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী ? 
শহীদ ইকবাল: নির্বাচনে যাতে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, সবাই যাতে সমান সুযোগ পায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেটাই প্রত্যাশা করি। 

যশোর -৫ আসনটি দেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা মণিরামপুর। এই উপজেলা ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত । আসনটিতে মোট ৩ লাখ ৭৪ হাজার ২৫২ জন ভোটার রয়েছেন। যাদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৮ হাজার ৪৮০, নারী ১ লাখ ৮৫ হাজার ৭৬৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার  ৪জন। এ আসনে ৫ হাজার একশ ৭৪ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৫ আসনে প্রার্থী হয়েছেন পাঁচজন। তাদের অন্যান্যরা হলেন বিএনপির রশীদ আহমাদ, জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক, জাতীয় পার্টির এ. এ হালিম এবং ইসলামী আন্দোলনের মো. জয়নাল আবেদীন।