বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬

পাটকলগুলোকে সচলের অঙ্গীকার মতিয়ার রহমানের

যশোর, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৪ আসনের বিএনপি প্রার্থী মতিয়ার রহমান ফারাজী নির্বাচিত হয়ে জেলার বন্ধ পাটকলগুলো সচল করে স্থানীয় বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির অঙ্গীকার করেছেন। 

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বাসসের সাথে এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।  

তিনি বলেন, ২০২০ সালে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজিএমসি)র ২৫টি জুটমিল একদিনেই বন্ধ করে দেওয়া হয়। এতে অনেক মানুষ বেকার হয়ে পড়ে। নির্বাচিত হলে এগুলো চালু  করে বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেব। 

মতিয়ার রহমান ফারাজী শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে জীবনের দীর্ঘ সময় পার করেছেন। শ্রমিক নেতা হিসেবেই তিনি স্থানীয় রাজনীতিতে জায়গা করে নেন। পরে তিনি শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব দিয়েছেন। বর্তমান অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি। 
তিনি  পেশায় ব্যবসায়ী।  

জাতীয় নির্বাচনকে সামনে রেখে তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন বাসসের যশোর জেলা সংবাদদাতা মো. সাইফুল ইসলাম।  

বাসস: আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনি প্রতিশ্রুতি কী? 

মতিয়ার রহমান ফারাজী: আমার নির্বাচনি এলাকার একটি ইউনিয়ন ভবদহ জলাবদ্ধতা সমস্যার মধ্যে পড়ে। এ এলাকার ঘর-বাড়ি, কৃষিজমি সবই বছরের বেশিরভাগ সময় পানির নীচে থাকে। এ সমস্যার একটা স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি আমি দিচ্ছি। এছাড়া অভয়নগরের নওয়াপাড়াকে শিল্পশহর বলা হয়। এই শহর ভৈরব নদের কারণে টিকে আছে। ভৈরব নদের নাব্যতা যদি না থাকে তাহলে নওয়াপাড়া নৌবন্দরও থাকবে না। শিল্পশহরও থাকবে না। তাই ভৈরব নদের নাব্যতা ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালাবো। 

বাঘারপাড়া উপজেলা কৃষি নির্ভর। কিন্তু এখানে কোনো কোল্ডস্টোরেজ নেই। কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থাও নেই। এসব সমস্যার সমাধানে কাজ করবো। তাছাড়া এ এলাকায় চিত্ত বিনোদনের কোনো সুযোগ নেই। স্টেডিয়াম নেই। সব মিলিয়ে বাঘারপাড়া পৌরসভা বর্তমানে সি গ্রেডে আছে। এটাকে এ গ্রেডে উন্নীত করা হবে।

বাসস: নির্বাচনি আচরণবিধি পালনে নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী? 
মতিয়ার রহমান ফারাজী: যখনই আমি নির্বাচন করার সুযোগ পেয়েছি, তখনই দলের যৌথ সভা ডেকে সবাইকে সতর্ক করে বলেছি, আরপিওতে যা যা আছে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সবাই সেভাবে আচরণবিধির ভেতরে থেকেই নির্বাচনি প্রচার-প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছে।

বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী ?
মতিয়ার রহমান ফারাজী: এ ব্যাপারে আমাদের দলের যে সিদ্ধান্ত, সেটাই আমার সিদ্ধান্ত।

বাসস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী ? 
মতিয়ার রহমান ফারাজী: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটের আয়োজন হবে। ভোটাররা নিরাপদে, নির্বিঘ্নে ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি ফিরে যেতে পারবে। এমনটা হলেই আমি খুশি। 

বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা এবং যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন নিয়ে যশোর-৪ আসন গঠিত। এ আসনের মধ্যে অভয়নগরে একটি নৌবন্দর রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বড় ব্যবসা কেন্দ্রও এটি। এ আসনে মোট ১৮টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা রয়েছে। মোট ভোটারসংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৫৩১ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ২৮ হাজার ৪৩৩, নারী ২ লাখ ৩০ হাজার ৯৪ এবং তৃতীয় লিঙ্গের চারজন রয়েছেন। এ আসনে পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য ৮ হাজার ৯০৪ জন রেজিস্ট্রেশন করেছেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাদের অন্যান্যরা  হলেন, জামায়াতে ইসলামীর মো. গোলাম রসুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের বায়েজীদ হোসাইন, খেলাফত মজলিসের মওলানা আশেক এলাহী, জাতীয় পার্টির মো. জহুরুল হক, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি কুমার মণ্ডল ও স্বতন্ত্র এম. নাজিম উদ্দীন আল আজাদ।