শিরোনাম

যশোর, ৯ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জাতীয় সংসদ নির্বাচনে যশোর ১ আসনের প্রার্থী মো. নুরুজ্জামান লিটন নির্বাচিত হয়ে এলাকার শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন।
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, বেনাপোল স্থলবন্দরে পাঁচ হাজারেরও বেশি শ্রমিক কাজ করেন। তারা নানা দুর্ঘটনার শিকার হন। তাদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করবো।
মো. নূরুজ্জামান লিটন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের স্থানীয় ও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে ৩৮ বছর ধরে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। নিজ দলের নেতা-কর্মীদের মাঝে তিনি খুবই জনপ্রিয়।
তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন বাসসের যশোর জেলা সংবাদদাতা মো. সাইফুল ইসলাম।
বাসস : আপনার এলাকার ভোটারদের আপনি কি কি নির্বাচনি প্রতিশ্রুতি দিচ্ছেন?
নূরুজ্জামান লিটন : দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল যশোর-১ আসনের মধ্যে। এই বন্দরে ৫ হাজারেরও বেশি শ্রমিক কাজ করেন। বিভিন্ন সময়ে তারা দুর্ঘটনার শিকার হন। কিন্তু এখানে ভালো মানের কোনো হাসপাতাল নেই। তাদের দীর্ঘদিনের দাবি যে বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল করতে হবে। তাই এ ব্যাপারে আমি উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছি। এছাড়া শার্শায় ৫০ শয্যার যে হাসপাতালটি রয়েছে সেটাকে ১০০ থেকে ১৫০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতিও দিয়েছি।
বিএনপি সরকার গঠন করতে পারলে এখানকার দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে নিরাপত্তার চাদরে ঢেকে দেব।
বাসস : নির্বাচনি আচরণবিধি পালনে নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?
নূরুজ্জামান লিটন : নির্বাচন কমিশনের যে আচরণবিধি রয়েছে, তা পুরোপুরি মেনে চলার জন্য আমি আমার নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছি।
বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?
নূরুজ্জামান লিটন : আমাদের নেতা তারেক রহমান ইতোমধ্যেই জুলাই সনদ বিষয়ক গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে মানুষকে উদ্বুদ্ধ করতে বলেছেন। আমরা হ্যাঁ ভোটের পক্ষেই রয়েছি।
বাসস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনার প্রত্যাশা কী?
নূরুজ্জামান লিটন : আমরা চাই নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হোক। ভোটাররা যেন সুশৃঙ্খলভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তার ব্যবস্থা করবে সরকার ও নির্বাচন কমিশন, এটাই প্রত্যাশা।
যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার পুরোটা নিয়ে যশোর-১ সংসদীয় আসন গঠিত। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল এই আসনে। ১১ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন। যার মধ্যে পুরুষ ১ লাখ ৫৫ হাজার ৮০৭ জন, নারী ১ লাখ ৫৫ হাজার ৮২৩ এবং তৃতীয় লিঙ্গের তিনজন ভোটার রয়েছেন। আসনটিতে এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৩ হাজার ২১৬ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ আসনে প্রার্থী হয়েছেন চারজন। তাদের অন্যান্যরা হলেন, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আজীজুর রহমান, জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর আলম চঞ্চল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. বক্তিয়ার রহমান।