বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৭
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৭

ইনসাফ কায়েম করতে আমরা অঙ্গীকারবদ্ধ : বগুড়া-৩ আসনে জামায়াত প্রার্থী আবু তাহের

নূর মোহাম্মদ আবু তাহের। ছবি : বাসস

বগুড়া, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের বলেছেন, দীর্ঘদিনের অপশাসন ও বৈষম্য দূর করে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণই মূল লক্ষ্য। 

তিনি বলেন, বগুড়া-৩ আসনের অবহেলিত জনপদকে একটি আধুনিক ও আদর্শ এলাকায় রূপান্তর করতে আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি।

এক বিশেষ সাক্ষাৎকারে তিনি নির্বাচনী প্রতিশ্রুতি, জুলাই সনদ এবং আসন্ন নির্বাচন নিয়ে তার দলের অবস্থানের কথা তুলে ধরেন। সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নাছির আহমেদ।

বাসস : আপনার স্থানীয় ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?
নূর মোহাম্মদ আবু তাহের : আমাদের প্রধান অঙ্গীকার হলো দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ সমাজ গঠন করা। জামায়াতে ইসলামী সরকার গঠনের সুযোগ পেলে বেকারদের অলীক কোনো স্বপ্ন না দেখিয়ে যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলবে। আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার শিক্ষিত তরুণরা অতীতে চাকরির ক্ষেত্রে যে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে, আমরা তার অবসান ঘটাবো। এছাড়া এলাকার কৃষি ও কুটির শিল্পের উন্নয়নে আমরা বিশেষ গুরুত্ব দেব। মসজিদ-মাদ্রাসা ও মন্দিরের সংস্কারসহ সামাজিক সম্প্রীতি রক্ষায় আমরা আপসহীন থাকবো।

বাসস : নির্বাচনী আচরণবিধি সম্পর্কে দলের নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?
নূর মোহাম্মদ আবু তাহের : নির্বাচনী আচরণবিধি পালনে নেতাকর্মীদের প্রতি তার কঠোর নির্দেশনা রয়েছে। ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আমাদের প্রথম পরিচয় হলো আমরা সুশৃঙ্খল। দলের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, কোনো অবস্থাতেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। আমি আমার কর্মীদের নির্দেশ দিয়েছি যেন প্রতিপক্ষের প্রতি সম্মান রেখে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানো হয়। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকাই আমাদের বিজয়ের প্রথম ধাপ।

বাসস : জুলাই সনদসহ গণভোট নিয়ে আপনার অবস্থান কী?
নূর মোহাম্মদ আবু তাহের : জুলাই বিপ্লবের শহীদদের রক্তকে বৃথা যেতে দেওয়া যাবে না। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে আমাদের দল ও ১০ দলীয় জোট গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। যারা বিগত ৫৪ বছরের পচে যাওয়া রাজনীতির পরিবর্তন করে নতুন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ চান, তারা অবশ্যই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে এই সনদকে অনুমোদন দেবেন। এই সনদ বাস্তবায়ন আমাদের অস্তিত্বের লড়াই।

বাসস : আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?
নূর মোহাম্মদ আবু তাহের : আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে প্রত্যাশা অত্যন্ত ইতিবাচক। মানুষ পরিবর্তন চায়। দীর্ঘ সংগ্রামের পর জনগণ এবার তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। আমরা আশা করছি, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা যদি নির্ভয়ে কেন্দ্রে যেতে পারেন, তবে ইনশাআল্লাহ এই আসনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের জয় সুনিশ্চিত। আমরা বিভক্তির রাজনীতি নয়, সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বগুড়া গড়তে চাই।

বগুড়া-৩ আসনটি আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা নিয়ে গঠিত। আসন্ন নির্বাচনে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ প্রার্থী। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মো. আব্দুল মহিত তালুকদার (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মো. শাহিনুল ইসলাম (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. শাহজাহান আলী তালুকদার (হাতপাখা)।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বগুড়া-৩ (আসন নং- ৩৮) সংসদীয় আসনে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ১৮১ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৮৩১ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩৪৭ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। আসনে মোট ভোট কেন্দ্র ১১৮টি।