বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৩

ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই : নাটোর-৪ আসনে এবি পার্টির মোকছেদুল মোমিন

মো. মোকছেদুল মোমিন। ফাইল ছবি

নাটোর, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী মো. মোকছেদুল মোমিন জুলাই সনদের আলোকে বৈষম্যহীন সমাজ তথা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন।

জনস্বাস্থ্য গবেষক মো. মোকছেদুল মোমিন এবি পার্টির নাটোর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব। আসনে অন্যতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির মো. মোকছেদুল মোমিন নির্বাচন নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নাটোর জেলা সংবাদদাতা ফারাজী আহম্মদ রফিক বাবন।

বাসস : আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?
মোকছেদুল মোমিন : জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা তথা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা। আমরা দেশের সকল মানুষের জন্য ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে নিয়োজিত করতে চাই। চাকরিসহ সকল ক্ষেত্রে ঘুষসহ সকল অনিয়ম দূর করতে চাই। সুবিধা বঞ্চিত মানুষের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।

এই এলাকাটি কৃষি প্রধান এলাকা। তাই কৃষি বা কৃষকের উন্নয়নে কাজ করতে চাই। কৃষি যান্ত্রিকীকরণসহ সকল কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করতে চাই। অনগ্রসর এই জনপদে রাস্তাঘাট নির্মাণসহ শিক্ষার প্রসারে ভূমিকা রাখতে চাই। এই লক্ষ্যে একটি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করতে চাই।

বাসস : নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?
মোকছেদুল মোমিন : নির্বাচন কমিশন থেকে যে আচরণবিধি প্রদান করা হয়েছে, তা প্রতিপালনে আমি আমার দলের নেতা-কর্মীদের নির্দেশনা প্রদান করেছি। আমরা নির্বাচনী আচরণবিধি শতভাগ পালন করবো।

বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?
মোকছেদুল মোমিন: আমি নির্বাচনের অনেক আগে থেকেই জুলাই সনদ নিয়ে এলাকায় ক্যাম্পেইন করেছি, মানুষের দ্বারে দ্বারে গেছি। নির্বাচনী প্রচারণায় আমরা ঈগল প্রতীকে ভোট চাওয়ার আগে জুলাই সনদ বাস্তবায়নে ভোটারদের কাছে গণভোটে ‘হ্যাঁ’ প্রতীকের জন্যে ভোট চাচ্ছি।

বাসস : আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?
মোকছেদুল মোমিন : আমি আশা করি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমি প্রচারাভিযান চালিয়ে যাচ্ছি। জনগণ আমাকে গ্রহণ করলে আমি বিজয়ী হবো। তবে নির্বাচনের দিনে ফুলের মালা নিয়ে থাকবো, যে প্রার্থীই নির্বাচিত হোক, তাকে বরণ করে নেব।

নাটোর-৪ আসন দুইটি উপজেলার তিনটি পৌরসভা এবং ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ১৬৭টি ভোট কেন্দ্র। আসনটিতে মোট ভোটারের সংখ্যা চার লাখ ৪৫ হাজার ১৭২ জন। এর মধ্যে দুই লাখ ২১ হাজার ৩৪৯ জন পুরুষ, দুই লাখ ২৩ হাজার ৮২০ জন নারী এবং ৩ জন তৃতীয় লিঙ্গের।

এ আসনে প্রতিদ্বন্দ্বী অন্য চার প্রার্থী হলেন- বিএনপির মো. আব্দুল আজিজ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. আব্দুল হাকিম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. এমদাদুল্লাহ (হাতপাখা) ও জাতীয় পার্টির এম ইউসুফ আহমদ (লাঙ্গল)।