বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৮

কৃষির উন্নয়ন করতে চাই : নওগাঁ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. ছালেক

নওগাঁ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. ছালেক। ছবি: বাসস

নওগাঁ, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. ছালেক চৌধুরী বলেছেন, আমার আসনে কৃষির উন্নয়ন করতে চাই। কৃষকরা যেন ধানের ন্যায্যমূল্য পায় সে ব্যবস্থা করা হবে।

স্বতন্ত্র প্রার্থী নিয়ামতপুর উপজেলা বিএনপির বহিস্কৃত সভাপতি ও তিনবারের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী আসন্ন্ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) নওগাঁ জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা।

বাসস : আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?
ডা. ছালেক চৌধুরী : এ এলাকা কৃষিভিত্তিক। আমার আসনে কৃষির উন্নয়ন করতে চাই। সারের জন্য প্রতিবছর মারামারির ঘটনা ঘটে থাকে। কৃষকরা যেন ধানের ন্যায্যমূল্য পায় সে ব্যবস্থা করা হবে। আর অনেক জায়গায় পানি পাওয়া যায় না কারণ সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এ তিন উপজেলা বরেন্দ্র উপজেলা। এ সকল স্থানে ছোট ছোট পাম্প দিয়ে পানির ব্যবস্থা করা হবে। আর বড় বড় যেসব রাস্তাঘাট বাকি আছে সেগুলো করা হবে। 

আমি যখন ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এ আসনের এমপি ছিলাম তখন জবই বিলের যে প্রকল্পটি ছিল তা বন্ধ হয়ে গেছে। সেই প্রকল্পটি পুনরায় চালু করা হবে। প্রতিশ্রুতি দিচ্ছি, শুধু নিয়ামতপুর উপজেলার প্রায় ৪ হাজার ছোট বড় পুকুর রয়েছে সেগুলো কেউ জোর করে দখল করতে পারবে না। মসজিদ, মন্দিরসহ বেকার যুবকরা যেন পুুকুর চাষ করে স্বাবলম্বী হয় সে ব্যবস্থা করা হবে। 

যে সময় এমপি ছিলাম সে সময় এখানে মাদকের কোনো স্পট ছিল না। আর এখন হাত বাড়ালেই মেলে মাদক। আবার এমপি নির্বাচিত হলে এ আসনকে মাদকমুক্ত করবো। এলাকার আর্থিক উন্নয়নসহ বেকার শিক্ষিত ছেলে-মেয়েদের জন্য কাজ করতে চাই। শিক্ষার মান উন্নয়নে সকল ধরনের কাজ করতে চাই।

বাসস : নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?
ডা. ছালেক চৌধুরী : আমরা কোনো দিন নির্বাচন আচরণ বিধির বাইরে যাব না। সব নেতাকর্মীদের সে নির্দশনাই দেওয়া হয়েছে।

বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?
ডা. ছালেক চৌধুরী : জুলাই গণঅভ্যত্থানে দুই হাজার মানুষ মারা গেছে। তারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। যে সনদ দেওয়া হয়েছে তা দেশের জন্য, দলের উন্নয়নের জন্য নয়। তাই দেশের স্বার্থে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। আমি বলবো, সবাই হ্যাঁ ভোট দেন দেশের জন্য।

বাসস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?
ডা. ছালেক চৌধুরী : আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সৈনিক। তিন থানায় জনসমর্থন বিবেচনায় আমি ৯০ ভাগ জনসমর্থন পাবো। ৩ বারের এমপি ছিলাম। সব সময় নিজেকে সৎ ও ন্যায়নিষ্ঠ রেখেছি। কখনো অন্যায় করিনি। আমার সঙ্গে যারা রয়েছে তারা সৎ থাকবে। অসৎ নেতাকর্মীরা আমার সঙ্গে থাকতে পারবে না। এবার দল থেকে মনোনয়ন পাইনি, তাই স্বতন্ত্র প্রার্থী হয়েছি।

সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ আসন। এ ৩টি উপজেলা ভারত সীমান্ত ঘেঁষা। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছাড়াও হেভিওয়েট প্রার্থী স্বতন্ত্র থেকে। তিনিও ৩ বার সংসদ সদস্য ছিলেন বিএনপি থেকেই। এবার মনোনয়ন না পওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ আসনে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী মানুষ বসবাস করে। অতীতের বিভিন্ন জাতীয় সংসদ নির্বাচনে এসব ভোটাররা বেশ ফ্যাক্টর। 

নওগাঁ-১ আসনে ৫ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল হক শাহ, জাতীয় পার্টির প্রার্থী আকবর আলী ও স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী।

এ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৫৬ হাজার ১৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৩৮০ জন ও নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৮৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার মাত্র ৪ জন।