বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৯

কৃষির আধুনিকায়নে কাজ করতে চাই : নাটোর-৪ আসনে জামায়াত প্রার্থী আব্দুল হাকিম

মো. আব্দুল হাকিম। ফাইল ছবি

নাটোর, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল হাকিম বড়াইগ্রামকে বিভক্ত করে দুই উপজেলা করতে চান। 

তিনি অর্থনৈতিক অঞ্চল এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কথাও জানান।

এ আসনে জামায়াতে ইসলামীর জেলা কমিটির সহকারী সেক্রেটারি মো. আব্দুল হাকিম। তিনি বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ধানাইদহ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক।

আসন্ন নির্বাচন নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নাটোর জেলা সংবাদদাতা ফারাজী আহম্মদ রফিক বাবন।

বাসস : আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?
আব্দুল হাকিম : এলাকার ভোটারদের জন্য আমার অগ্রাধিকার পরিকল্পনা হলো এলাকার যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা। চলনবিলের এই এলাকা কৃষি প্রধান। কৃষির আধুনিকায়নে কাজ করতে চাই। স্বাস্থ্য কমপ্লেক্স আইসিইউয়ের ব্যবস্থাসহ স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ভূমিকা রাখতে চাই। ষাটোর্ধ্ব ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা প্রদান নিশ্চিত করতে চাই। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সকল ভাতা এবং কৃষি প্রণোদনা ভোগান্তি ছাড়াই উপকারভোগীদের মধ্যে পৌঁছে দিতে চাই।

দুর্ঘটনাপ্রবণ বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কটি যের মরণফাঁদ। এই মহাসড়ক চার লেনে উন্নীত করতে চাই।

এলাকার যুব সমাজের শিক্ষার প্রসারে বড়াইগ্রাম এবং গুরুদাসপুরের মধ্যে সুবিধাজনক স্থানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই। অর্থনৈতিক অঞ্চল গঠন করে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই। তরুণদের প্রশিক্ষণ প্রদান করে, তাদের পাসপোর্ট তৈরি করে দিয়ে বিদেশে পাঠাতে চাই। 

আমি নির্বাচিত হলে প্রতি দুই মাস অন্তর জনগণের মুখোমুখী হতে চাই, তাদের সমস্যার কথা শুনে সমাধান করতে চাই। এই জনপদকে সকল ধর্মের মানুষের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমিতে পরিণত করতে চাই।

বাসস : নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?
আব্দুল হাকিম : নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দলের কোনো নেতা-কর্মী কখনোই বিন্দুমাত্র আচরণবিধি লঙ্ঘন করবে না। দলের প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে সুন্দর-বন্ধুত্বপূর্ণ পরিবেশে আমরা নির্বাচন করতে চাই।

বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?
আব্দুল হাকিম : জনগণের কাছে শুধু দাঁড়িপাল্লা প্রতীকের জন্যই নয়, একইসঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের জন্যও অনুরোধ জানাচ্ছি। আশাকরি বিপুল ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হবে।

বাসস : আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?
আব্দুল হাকিম : নির্বাচনে দল-মত, ধর্ম-বর্ণ, ছোট-বড় সকলের অভাবনীয় সাড়া পেয়েছি। আমি দৃঢ় বিশ্বাসী, সুষ্ঠু-সুন্দর-অবাধ-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হলে মহান আল্লাহর উপর ভরসা রেখে বলছি, জয়ের ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত।

নাটোর-৪ আসন দুইটি উপজেলার তিনটি পৌরসভা এবং ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ১৬৭টি ভোট কেন্দ্র। আসনটিতে মোট ভোটারের সংখ্যা চার লাখ ৪৫ হাজার ১৭২ জন। এর মধ্যে দুই লাখ ২১ হাজার ৩৪৯ জন পুরুষ, দুই লাখ ২৩ হাজার ৮২০ জন নারী এবং ৩ জন তৃতীয় লিঙ্গের।

এ আসনে প্রতিদ্বন্দ্বী অন্য চার প্রার্থী হলেন- বিএনপির মো. আব্দুল আজিজ (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. এমদাদুল্লাহ (হাতপাখা), জাতীয় পার্টির এম ইউসুফ আহমদ (লাঙ্গল) এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. মোকছেদুল মোমিন (ঈগল)।