বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৫

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চাই : নাটোর-৪ আসনে বিএনপি প্রার্থী আব্দুল আজিজ

মো. আব্দুল আজিজ। ফাইল ছবি

নাটোর, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মো. আব্দুল আজিজ বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করে মেধাবী জাতি গঠন করতে চাই। 

তিনি গণতন্ত্রের সুপ্রতিষ্ঠা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, সর্বোপরি স্বনির্ভর দেশ গড়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

মো. আব্দুল আজিজ বিএনপির নাটোর জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা বিষয় নিয়ে আলাপ করেছেন মো. আব্দুল আজিজ। সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নাটোর জেলা সংবাদদাতা ফারাজী আহম্মদ রফিক বাবন।

বাসস : আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?
আব্দুল আজিজ: দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা পেয়েছে। মুখ থুবড়ে পড়া গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছে। বিগত সময়ে দেশের অর্থ-সম্পদ লোপাট করে দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করা হয়েছে। আমাদের দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশকে পুন:নির্মাণ করতে চাই। দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে চাই। গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে চাই।

মুখ থুবড়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেধা শূন্য হয়ে পড়েছে। আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চাই, মেধাবী জাতি গঠন করতে চাই। বিভিন্ন অবকাঠামো উন্নয়নের মাধ্যমে পিছিয়ে পড়া উন্নয়নের গতি তরন্বিত করতে চাই।

ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিনদের জন্য বেতনের ব্যবস্থা করতে চাই। মাদ্রাসায় শিক্ষার্থীদের আবাসন এবং শিক্ষকদের এমপিওভুক্ত করে বেতনের ব্যবস্থা করতে চাই। অন্য ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় নেতাদের ক্ষেত্রে একই ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ন্যায্যমূল্যে নিত্য ব্যবহার্য পণ্য কিনতে পারবেন। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা তাদের চাষাবাদের প্রয়োজনীয় সার, তেল এবং বীজ ন্যায্য মূল্যে সংগ্রহ করতে পারবেন।

সর্বোপরি বলতে চাই, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশকে স্বনির্ভর করতে চাই, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে চাই, স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত করতে চাই।

বাসস : নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?
আব্দুল আজিজ : বিগত দিনে নির্বাচনের অভিজ্ঞতা আমার আছে। নির্বাচন কমিশনের আচরণবিধি আমাকে দেওয়া হয়েছে। এই আচরণবিধির অনুলিপি দলের নেতা-কর্মীদের মধ্যে বিলিবন্টন করেছি। আচরণবিধি মেনেই নির্বাচনে সম্পৃক্ত আছি, সংযুক্ত আছি। আচরণবিধির পুরোটাই অনুসরণ করে নির্বাচন করতে চাই।

বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?
আব্দুল আজিজ : এ ব্যাপারে দলের উচ্চ পর্যায় থেকে যে সিদ্ধান্ত এবং নির্দেশনা দেওয়া হবে, সে বার্তা আমার দলের নেতা-কর্মী এবং ভোটারদের পৌঁছে দেব।

বাসস : আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?
আব্দুল আজিজ : আমি নির্বাচনমুখী মানুষ। বিগত দিনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে চারবার বিজয়ী হয়েছি, উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। নির্বাচনের অভিজ্ঞতা আমার আছে। নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছি। জনগণ স্বত:স্ফূর্তভাবে আমাকে গ্রহণ করেছে। বিগত ১৭ বছর ধরে তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। এখন তারা সেই অধিকার ফিরে পেয়েছেন। মানুষ আমাকে ভোট দেওয়ার জন্যে উন্মুখ হয়ে আছে। আমি বা আমার দল নিরঙ্কুশ ভোটে জয়ী হবো ইনশাআল্লাহ।

নাটোর-৪ আসন দুইটি উপজেলার তিনটি পৌরসভা এবং ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ১৬৭টি ভোট কেন্দ্র। আসনটিতে মোট ভোটারের সংখ্যা চার লাখ ৪৫ হাজার ১৭২ জন। এর মধ্যে দুই লাখ ২১ হাজার ৩৪৯ জন পুরুষ, দুই লাখ ২৩ হাজার ৮২০ জন নারী এবং ৩ জন তৃতীয় লিঙ্গের।

এ আসনে প্রতিদ্বন্দ্বী অন্য চার প্রার্থী হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুল হাকিম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. এমদাদুল্লাহ (হাতপাখা), জাতীয় পার্টির এম ইউসুফ আহমদ (লাঙ্গল) এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. মোকছেদুল মোমিন (ঈগল)।