শিরোনাম

পটুয়াখালী, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি প্রার্থী সাবেক এমপি শহিদুল আলম তালুকদার পটুয়াখালীর আর্থসামাজিক মানোন্নয়ন ও অসহায় মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ের জটিলতা নিরসনে কাজ করবেন বলে জানান তিনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী দল-বিএনপি প্রার্থী সাবেক এমপি শহিদুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কে এক সাক্ষাৎকারে তিনি তার দেওয়া অঙ্গীকারের বিষয়গুলো জানান।
পটুয়াখালী-২ (বাউফল) আসনের এমপি প্রার্থী শহিদুল আলম তালুকদার পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি। বাউফল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পদে ছিলেন। তিনি ধূলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং দুইবার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পটুয়াখালী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির সংস্কারপন্থীদের তালিকায় থাকার কারণে এক পর্যায় দল থেকে তার সকল ধরনের সদস্যপদ স্থগিত করা হলেও ২০১৮ সালের পুনরায় দলে ফিরেন।
তার সাক্ষাতকার নিয়েছেন বাসস-এর পটুয়াখালী জেলা ভ্রাম্যমাণ সংবাদদাতা এনামুল হক এনা।
বাসস: আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?
শহিদুল আলম তালুকদার: বাউফল উপজেলার সবচেয়ে বড় সমস্যা বগা ব্রিজ। এই ব্রিজ বাস্তবায়িত হলে পুরো উপজেলার যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। নির্বাচিত হলে এই প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলে তিনি জানান। শিক্ষার মানোন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন তাঁর অন্যতম প্রতিশ্রুতি। এসব বিষয় বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যেও অন্তর্ভুক্ত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বাসস: নির্বাচনী আচরণবিধি পালনে আপনার দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা আছে কিনা?
শহিদুল আলম তালুকদার: যারা নির্বাচন ও রাজনীতির সঙ্গে যুক্ত তারা আচরণবিধি সম্পর্কে অবগত। তারপরও সবাইকে আচরণবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়েছে।
বাসস: জুলাই সনদ ও গণভোট নিয়ে আপনার ব্যক্তিগত অবস্থান কী?
শহিদুল আলম তালুকদার: এ বিষয়ে দলের যে সিদ্ধান্ত আসবে, তিনি সেই সিদ্ধান্তের সাথেই একমত থাকবেন।
বাসস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?
শহিদুল আলম তালুকদার: “আমার প্রত্যাশা আমি একশত পারসেন্ট জিতবো—ইনশাল্লাহ।” ২ আসনের উন্নয়ন, যোগাযোগ, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি পালন করে ভোটারদের প্রত্যাশা পূরণ করব।
এবার এ আসনে মোট পাঁচজন এমপি প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন— বিএনপি জোট মনোনীত শহিদুল আলম তালুকদার (ধানের শীষ), জামায়াত সমর্থিত ১০ দলীয় জোট মনোনীত মো. শফিকুল ইসলাম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের প্রার্থী মালেক হোসেন (হাতপাখা), আমার বাংলাদেশ পার্টির প্রার্থী মো. রুহুল আমিন (ঈগল) এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মো. হাবিবুর রহমান (ট্রাক)।
নির্বাচন কমিশনের উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, পটুয়াখালী-২ আসন বাউফলে ভোটার ৩ লাখ ১৫ হাজার ২৮২ জন। পুরুষ ভোটার- ১ লাখ ৬০ হাজার ৫০১ জন, নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৭৭৯ জন। এছাড়া ২ হাজার ৫০৮ জন পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন।
পটুয়াখালী জেলায় চারটি সংসদীয় আসন রয়েছে। তার মধ্যে পটুয়াখালী জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন পটুয়াখালী-২ (বাউফল)। এ আসনটি মূলত ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। প্রায় ৪৮০ বর্গকিলোমিটার আয়তনের এ উপজেলার উত্তরে দশমিনা উপজেলা, পূর্বে দুমকি, দক্ষিণে পটুয়াখালী সদর উপজেলা এবং পশ্চিমে ভোলা জেলার চরফ্যাশন উপজেলা দ্বারা বেষ্টিত। নদী-খাল ও চরাঞ্চল অধ্যুষিত এই জনপদ কৃষিনির্ভর অর্থনীতির পাশাপাশি রাজনৈতিকভাবে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে।