শিরোনাম

নেত্রকোণা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নেত্রকোণা জেলা পাঁচটি সংসদীয় আসনের মধ্যে ১৬১ নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনটি একটি মাত্র উপজেলা নিয়ে গঠিত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৫ আসনে বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী মো. আবু তাহের তালুকদার পূর্বধলার উন্নয়নে নতুন রোডম্যাপের অঙ্গীকার করেছেন।
এছাড়া বড়ওয়ারী থেকে গোয়াতলা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধটির রাস্তার কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিজের ভাবনার কথা তুলে ধরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবু তাহের তালুকদার।
আসন্ন নির্বাচনে এ আসনে শীর্ষ প্রতিদ্বন্দ্বী মো. আবু তাহের তালুকদার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সমাজ কল্যাণ সম্পাদক, ছাত্রদলের আহবায়ক, নেত্রকোণা বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি, নেত্রকোণা জেলা ছাত্রদলের আহবায়ক, জেলা বিএনপির তিনবার সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে পূর্বধলা উপজেলার বিএনপির আহবায়ক হিসেবে কাজ করছেন। বিগত সরকারের স্বৈরাচারী শাসনামলে নিজ দলের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে সাহায্য, সহযোগিতা করে দুঃসময়ে পাশে ছিলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।
তার সাক্ষাৎকার নিয়েছেন বাসসের নেত্রকোণা জেলা সংবাদদাতা মো. তানভীর হায়াত খান।
বাসস: আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?
মো. আবু তাহের তালুকদার: আমার নির্বাচনী এলাকায় প্রতিটি গ্রামে গ্রামে মানুষের কাছে যাচ্ছি, গত ১৭ বছরে আমার এলাকায় কোন উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড হয় নি। তাই আমি মানুষের কাছে গিয়ে তাদের সমস্যাগুলো শুনছি এবং তাদের প্রত্যাশা অনুযায়ী প্রতিশ্রুতি দিচ্ছি। আমার নির্বাচনী এলাকায় রাস্তাঘাটের সমস্যা, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ ইত্যাদি সমস্যা রয়েছে, আমি মানুষের চাহিদা অনুযায়ী সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছি। আমি গত ৪০ বছর ধরে আমার এলাকার মানুষের জন্যে কাজ করছি। আমার এলাকায় বড়ওয়ারী থেকে গোয়াতলা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের একটি বেড়িবাঁধ রয়েছে, আমি নির্বাচিত হতে পারলে এই বেড়িবাঁধের রাস্তার কাজ করতে চাই।
বাসস: নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?
মো. আবু তাহের তালুকদার: নির্বাচনী আচরণবিধি মেনেই আমরা নির্বাচনী প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে। ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে আমরা দীর্ঘ সময় আন্দোলন, সংগ্রাম করেছি। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আচরণবিধি মেনেই আমরা কাজ করে যাচ্ছি।
বাসস: জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?
মো. আবু তাহের তালুকদার: এটা আমাদের দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়। তাই আমাদের দলীয় কেন্দ্রীয় সিদ্ধান্ত যেভাবে আসবে আমরা ঠিক সেভাবেই কাজ করবো।
বাসস: আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?
মো .আবু তাহের তালুকদার: বিগত সতেরো বছরে দেশে ভালো কোন ভোট হয়নি, ভালো নির্বাচন হয়নি, যতোবারই ভালো নির্বাচন হয়েছে ততোবারই বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকারে পাঠিয়েছে। আমার প্রত্যাশা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন এবং বিএনপিকে নির্বাচিত করে সরকারে পাঠাবেন ইনশাআল্লাহ।
নেত্রকোণা জেলা পাঁচটি সংসদীয় আসন নিয়ে গঠিত। পাঁচটি আসনের মধ্যে ১৬১ নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনটি একটিমাত্র উপজেলা নিয়ে গঠিত হওয়ায় এখানে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে নির্বাচনী কার্যক্রমের ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ টি ইউনিয়ন, ৮২ টি ভোট কেন্দ্র এবং ৫২৮ টি ভোট কক্ষ নিয়ে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনটি গঠিত।
এ আসনে মোট ২ লাখ ৯০ হাজার ১ শত ১৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৮ শত ৯৬ জন পুরুষ, ১ লাখ ৪২ হাজার ২ শত ১৯ জন মহিলা এবং ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার।
মোট ভোটারের সংখ্যায় এবারের নির্বাচনে এ আসনে মোট পোস্টাল ভোটার রয়েছেন ২ হাজার ৩ শত ৯৮ জন। এর মধ্যে ১ হাজার ৭ শত ১২ জন পুরুষ এবং ৬ শত ৮৬ জন মহিলা ভোটার। জেলায় মোট ভোটারের সংখ্যা ২০ লাখ ৪৪ হাজার ৭ শত ৩৬ জন।
নেত্রকোণা-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট তিনটি দলের তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রার্থী মো. আবু তাহের তালুকদার (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মাছুম মোস্তফা (দাঁড়িপাল্লা) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. নূরুল ইসলাম (হাতপাখা) প্রতীক নিয়ে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা করছেন।