বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১১

অবহেলিত জনপদের দীর্ঘমেয়াদি উন্নয়ন করবো: ভোলা-৩ এর ১১ দলীয় জোট প্রার্থী নিজামুল 

ভোলা-৩ আসনের জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী বিডিপির মহাসচিব নিজামুল হক নাইম। ছবি: বাসস

ভোলা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ভোলা-৩ আসন লালমোহন-তজুমদ্দিন এই দুই উপজেলা নিয়ে গঠিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ১১ দলীয় জোট প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) কেন্দ্রীয় মহাসচিব নিজামুল হক নাঈম এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

নিজামুল হক নাঈম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে নির্বাচন ও জেলার উন্নয়ন বিষয়ে নিজের মতামত তুলে ধরেন। 

নিজামুল হক নাঈম বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) কেন্দ্রীয় মহাসচিব। তিনি পেশায় একজন ব্যবসায়ী। 

আসন্ন নির্বাচনের সার্বিক বিষয়ে কথা হয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব ও ১১ দলীয় জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাঈমের সাথে। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস'র মুখোমুখি হন নবীন এই রাজনীতিক। তার আগামীর মিশন ও ভিশন সম্পর্কিত বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

তার এ সাক্ষাৎকারটি নিয়েছেন বাসস ভোলা জেলা সংবাদদাতা আল-আমিন শাহরিয়ার।

বাসস: আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনের প্রতিশ্রুতি কী?

নিজামুল হক নাঈম: বিগত ১৭ বছর লালমোহন-তজুমদ্দিন উপজেলায় কোনোপ্রকার উন্নয়ন হয়নি। এখানকার মানুষগুলো একেবারেই মৌলিক অধিকার বঞ্চিত। এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান খুবই নিম্মমুখী ও হতাশাজনক। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সর্বপ্রথম এখানকার রাস্তাঘাট, পুল-কালভার্ট নির্মাণ করে অভ্যন্তরীণ যোগাযোগ সেক্টরে নতুন দিগন্তের সূচনা করবো। বেকার সমস্য দূরীকরণসহ মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমার একগুচ্ছ দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।

বাসস: নির্বাচনী আচরণবিধি পালনে নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?

নিজামুল হক নাঈম: নির্বাচনী আচরণবিধি রক্ষায় আমার দলের নেতাকর্মীরা খুবই সতর্ক। আচরণবিধি যথাযথভাবে পালন করতে আমি আমার নেতাকর্মীদের অনেক আগেই নির্দেশ দিয়েছি।

বাসস: জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?

নিজামুল হক নাঈম: এদেশের অগণিত ছাত্রজনতার জীবনদানের মধ্য দিয়ে আমরা স্বৈরশাসকমুক্ত একটি নতুন বাংলাদেশ পেয়েছি। নতুনভাবে স্বাধীনতা দেখেছি আমরা। শুধু স্বাধীনতা পেলেই হবেনা, তা আমাদেরকে রক্ষা করতে হবে। আর জুলাই সনদ হলো সেই স্বাধীনতা রক্ষা কবজ। এজন্যই জুলাই সনদের আবির্ভাব। তাই আমরা জুলাই সনদ বিষয়ে প্রথম থেকেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই।

বাসস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনার প্রত্যাশা কী?

নিজামুল হক নাঈম: আসন্ন জাতীয় নির্বাচনে আমার প্রত্যাশা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে একটি উৎসবমুখর ভোট। যেখানে থাকবেনা কোনো কারচুপি কিম্বা কোনো নেতার পক্ষে পেশী শক্তির দাপট। মোদ্দাকথা হচ্ছে-আমরা এবার নজিরবিহীন এক লেভেলপ্লেয়িং ফিল্ড দৃশ্যমান দেখার প্রত্যাশা ব্যক্ত করছি।

ভোলা-৩ আসন লালমোহন-তজুমদ্দিন এই দুই উপজেলা নিয়ে গঠিত। এটি সংসদীয় ১১৭ আসন। জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ১১ দলীয় জোট প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিজামুল হক নাঈম। এ আসনে নিজামুল হক নাঈমকে ছাড় দিয়ে নিজেদের কোনো প্রার্থী দেয়নি জামায়াত ইসলামী। এখানে ইসলামী আন্দোলনের (হাতপাখা) প্রতীকে মনোনয়ন পেয়েছেন দলের ভোলা জেলার (দক্ষিণ) কমিটির উপদেষ্টা মোসলেহ উদ্দিন। 

এ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী নিজামুল হক নাঈমের সাথে লড়াই হবে প্রবীন রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ'র ।

এ আসনে অন্যান্য রাজনৈতিকদলের প্রার্থী থাকলেও বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিনের (ধানের শীষ) প্রতীক এর সাথে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী নিজামুল হক নাঈম (ফুলকপি) প্রতীকের লড়াই হবে বলে মনে করছেন সেখানকার রাজনৈতিক বিশ্লেষকগণ।

ভোলা-৩ আসনে সর্বশেষ জানুয়ারি-২০২৬ ইং সালের পরিসংখ্যান অনুযায়ী মোট ভোটার সংখ্যা-৩ লাখ ৮৮ হাজার ৫৫০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৯৭ জন। নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৫০ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার৩ জন।