বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫০
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৭

শিক্ষা, যোগাযোগ ও নারীদের উন্নয়নে কাজ করবো: সুনামগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার

সুনামগঞ্জের ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। ছবি: বাসস

সুনামগঞ্জ, ৬ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন শিক্ষা, যোগাযোগ ও নারীদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। 

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব প্রতিশ্রুতির কথা জানান। 

সুনামগঞ্জ- ৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে নির্বাচনে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। তিনি ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আনোয়ার হোসেন পেশায় একজন আইনজীবী। 

তার সাক্ষাৎকার নিয়েছেন বাসসের সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মুহাম্মদ আমিনুল হক।

বাসস: আপনার এলাকায় ভোটারদের জন্য আপনার প্রতিশ্রুতি কী ?

আনোয়ার: সুনামগঞ্জ-৩ আসনকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। শিক্ষা, যোগাযোগ ও চিকিৎসা সেবা এবং নারীদের উন্নয়নে কাজ করবো। আমি নির্বাচিত হলে কৃষকের স্বার্থে হাওরে ফসলরক্ষা বাঁধের উন্নয়ন কাজ করবো। সকল ক্ষেত্রে আমি নতুনত্ব নিয়ে আসবো। দুটি অ্যা¤ু^লেন্স রখবো। সরকার থেকে না পেলেও নিজ উদ্যোগে এর ব্যবস্থা করবো।

বাসস: নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী ?

আনোয়ার: নির্বাচন কশিশনের বিধান মেনে চলা অত্যাবশ্যক। এর মধ্যে স্থানীয় নির্বাচনী বিধি মেনে চলার জন্য সকল নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া আছে। যাতে করে কোন প্রকার সহিংসতায় না জড়ায়। এ পর্যন্ত কোন প্রকার আচরণবিধি লঙ্ঘন হয় নাই।

বাসস: জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী ?

আনোয়ার: এ সনদের পক্ষে আমি। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দলের নেতাকর্মদের নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে এ সনদ কাজে আসবে।

বাসস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী ?

আনোয়ার: আমার অনেক বড় প্রত্যাশা। যা অনেকে কল্পনাও করতে পারবে না। ইশতেহারে প্রকাশ করবো। এই আসন জনগণের এলাকা হবে। এলাকার সকল শ্রেনি পেশার গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে আমি কাজ করবো।

সুনামগঞ্জ-৩ আসন (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৭১১ জন। 

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, জগন্নাথপুর উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫১ হাজার ৩ শত ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৫ হাজার ২৫৮ জন। নারী ভোটার ৭৬ হাজার ১৩১ জন।

শান্তিগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ১শ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৬১৪ জন, নারী ভোটার ৭৫ হাজার ৪৮৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত শান্তিগঞ্জ-জগন্নাথপুর (৩-আসন)। এই এলাকার অধিকাংশ মানুষ প্রবাসী হওয়ায় এখানে বেশ নির্বাচনী আমেজ বইছে। দিন রাত প্রত্যেকেই যার যার অবস্থান থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই আসনের ভোটাররাও সচেতন। শিক্ষিত সকল প্রার্থীরা যার যার মত করে ভোটারদের আপন করছেন। মানুষ আশায় দিন কাটাচ্ছেন এবারের নির্বাচন হবে উৎসবমুখর। যেখানে থাকবে না কোন অপশক্তি। বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে এই নির্বাচন।