বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৪

ইসরাইলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে নিহত ১১

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে ইসরাইলি বাহিনীর রাতভর হামলায় ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার এ তথ্য জানিয়েছে।

এর একদিন আগেও ইসরাইলি বাহিনীর পৃথক হামলায় আরও সাতজন নিহত হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, দক্ষিণাঞ্চলের কফর রুম্মান এলাকায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হামলায় নয়জন নিহত হয়েছে। হামলায় তিনতলা ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এ ছাড়া হামলার পর ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত দুই উদ্ধারকর্মীও নিহত হয়েছেন। তাদের গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল বলে জানায় রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি।