বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩০

বার্লিনের বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, তদন্তে পুলিশ

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জার্মানির বার্লিনে সোমবার একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। এটি নাশকতা নাকি কারিগরি ত্রুটির কারণে ঘটেছে, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। জার্মান পুলিশ এ তথ্য জানিয়েছে।

জার্মানির বিভিন্ন বিদ্যুৎ উপকেন্দ্রে গত সপ্তাহে ধারাবাহিক হামলার ঘটনায় সন্দেহভাজন এক জলবায়ু আন্দোলনকারীকে খুঁজছে কর্তৃপক্ষ। এসব হামলার মাধ্যমে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বার্লিনের ঘটনায় ভোররাতে মোয়াবিট এলাকায় আগুন লাগার খবর পায় জরুরি সেবাদাতা সংস্থাগুলো।

পুলিশ জানায়, ‘একটি নির্মাণস্থল ও উপকেন্দ্রের একটি অংশে আগুন লাগে এবং আগুনে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়।’ তবে বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানায় তারা।

গ্রিড পরিচালনাকারী সংস্থার সহায়তায় আগুনটি নাশকতা নাকি কারিগরি ত্রুটির কারণে ঘটেছে, তা তদন্ত করছে পুলিশ।

গত সপ্তাহে পশ্চিমাঞ্চলীয় নর্থ রাইন-ভেস্টফালিয়া ও পূর্বাঞ্চলীয় ব্রান্ডেনবুর্গ রাজ্যের বিদ্যুৎ উপকেন্দ্রগুলোতে হামলা হয়। এতে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট না হলেও বিদ্যুৎকেন্দ্রের কিছু সরঞ্জাম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

হামলার ঘটনায় ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। জীবাশ্ম জ্বালানি শিল্পের প্রতিবাদে এসব কর্মকাণ্ডের দায় স্বীকার করে ওই ব্যক্তি চিঠি পাঠিয়েছেন।

গত কয়েক মাসে জার্মানির বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। কিছু ঘটনায় বামপন্থী চরমপন্থীরা দায় স্বীকার করেছে।

রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট নাশকতার ষড়যন্ত্রের আশঙ্কায়ও সতর্ক রয়েছে কর্তৃপক্ষ।