বাসস
  ২৪ আগস্ট ২০২৬, ১৪:৫৬

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধের হুঁশিয়ারিতে তেলের দাম কমেছে

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস): ইরানের অর্থনীতিকে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনার বিস্তারিত ঘোষণার অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় সোমবার এশিয়ার বাজারে তেলের দাম কমেছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে এই উদ্যোগকে ‘এখন পর্যন্ত সবচেয়ে কঠোর আর্থিক অভিযান’ হিসেবে অভিহিত করেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সোমবার দিনের শুরুতে এশিয়ার অধিকাংশ শেয়ারবাজারে দরপতন দেখা যায়। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিনির্ভর কসপি সূচক ১ দশমিক ৪ শতাংশ কমেছে। এর আগে স্যামসাং ইলেক্ট্রোনিক্স জানিয়েছিল, কয়েক সপ্তাহের অস্থির লেনদেনের পর তারা নিজেদের শেয়ার কিনতে প্রায় ৮০ বিলিয়ন ডলার ব্যয় করেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রসারের আশাবাদে স্যামসাং ও প্রতিদ্বন্দ্বী এসকে হাইনিক্সের শেয়ারের দাম জুনে রেকর্ড উচ্চতায় উঠেছিল। তবে, এরপর বিনিয়োগকারীদের উদ্বেগ এবং প্রযুক্তি খাতে সামগ্রিক দরপতনের কারণে শেয়ার দুটির দাম কমেছে।

এদিকে এআই খাতের জন্য গুরুত্বপূর্ণ এক সপ্তাহে বিনিয়োগকারীদের নজর রয়েছে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি ও এআই খাতের অন্যতম প্রধান সূচক এনভিডিয়ার আর্থিক প্রতিবেদন প্রকাশের দিকে।

মার্কিন চিপ প্রস্তুতকারক সংস্থাটির জন্য বারবার যে প্রশ্নটি ওঠে, তা হলো, বৃহত্তর অর্থনীতির আরও অনেক ক্ষেত্রে এই প্রযুক্তি আধিপত্য বিস্তার করার সাথে সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার এই জোয়ার আরও ত্বরান্বিত হবে কি না।

এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের স্টিফেন ইনেস বলেন, এআই খাতে বিনিয়োগ এখনও চলছে, তবে এর খরচ ক্রমেই বাড়ছে। তাঁর মতে, আধুনিক বাজার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিনিয়োগ-উত্থান থেকে এনভিডিয়া যথেষ্ট আয় করতে পারছে কি না, সেটিই এখন দেখার বিষয়।

চীনের প্রযুক্তি জায়ান্ট আলিবাবাও এ সপ্তাহে এআই খাতের আলোচনায় রয়েছে। রোববার প্রতিষ্ঠানটি জানায়, বৈশ্বিক এআই ব্যবসার সম্প্রসারণে অর্থ জোগাতে হংকংয়ে নতুন শেয়ার বিক্রি করে ১০ দশমিক ২ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা করছে তারা।

ওপেন-সোর্স ‘কিউয়েন’ এআই মডেলের জন্য পরিচিত আলিবাবা ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তায় কয়েক হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে। এখন বিনিয়োগকারীরা দেখতে চাইছেন, এই বিপুল বিনিয়োগ থেকে প্রতিষ্ঠানটি কীভাবে আয় করবে।

সোমবার টোকিও, সাংহাই, তাইপে ও ওয়েলিংটনের শেয়ারবাজারে সূচক কমেছে। অন্যদিকে সিডনি, জাকার্তা ও ব্যাংককে বাজার বেড়েছে। ম্যানিলা ও কুয়ালালামপুরের বাজার প্রায় অপরিবর্তিত ছিল।

এদিকে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর নতুন উদ্যোগের বিস্তারিত সোমবার সংবাদ সম্মেলনে তুলে ধরার কথা রয়েছে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলো ও চীনকে ট্রাম্পের নতুন উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ প্রায় ছয় মাসের দিকে এগিয়ে যাওয়ার সময়ই এই নতুন অর্থনৈতিক চাপের উদ্যোগ নেওয়া হলো।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্বীকার করেছেন, পরিকল্পনাটি বাস্তবায়ন করা সহজ হবে না। কারণ, ইরানও যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা করবে।

চীনকে অর্থনৈতিক বিষয়ে চাপ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, অনেক আলোচনা ব্যক্তিগত পর্যায়ে করাই ভালো। তবে তিনি বেইজিংকে যুক্তরাষ্ট্রের উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান জানান।

ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক পদক্ষেপের খবরে সোমবার প্রধান দুই ধরনের অপরিশোধিত তেলের দামই ২ দশমিক ৩ শতাংশ কমেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম নেমে প্রায় ৯২ ডলার ব্যারেলে দাঁড়ায়।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের জ্যাকসন হলে অনুষ্ঠিত হতে যাওয়া কেন্দ্রীয় ব্যাংকার, অর্থনীতিবিদ ও অর্থমন্ত্রীদের বার্ষিক বৈঠকের দিকেও বিনিয়োগকারীদের নজর রয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়ার আশা করছেন তাঁরা।

এর আগে গত সপ্তাহে দীর্ঘমেয়াদি ঋণের সুদ কমানোর চেষ্টা হিসেবে মার্কিন ট্রেজারি বিভাগ নিজস্ব বন্ড কিনেছে। ৩০ বছর মেয়াদি মার্কিন বন্ডের সুদ ২০০৭ সালের পর সর্বোচ্চ পর্যায়ে উঠে যাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়।

মূলত মূল্যস্ফীতির আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার খবরে বন্ডের সুদ বেড়েছে।