শিরোনাম

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ (বাসস) : সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে শনিবার নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসে বোমা হামলা হয়েছে। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দামেস্কের গ্রামাঞ্চলে মারউনাহ-আল-তাল সড়কে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসকে লক্ষ্য করে বোমাটি বিস্ফোরিত হয়। এতে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সানা আরও জানিয়েছে, কর্তৃপক্ষ হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে। কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্ত করার চেষ্টা চলছে। তবে তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থাটি হামলার কয়েকটি ছবিও প্রকাশ করেছে। এতে রাস্তার পাশে ক্ষতিগ্রস্ত একটি বাস দেখা গেছে। বাসটির জানালা ও একটি দরজা বিস্ফোরণে উড়ে গেছে এবং সামনের আসনের ওপর কাচের টুকরো ছড়িয়ে রয়েছে।
২০২৪ সালের শেষ দিকে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই সিরিয়ার ইসলামপন্থি কর্তৃপক্ষ বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে। দামেস্ক ও এর আশপাশের এলাকায় এ সময় একাধিক হামলার ঘটনা ঘটেছে।
আগস্টের শুরুতে দামেস্কের কাছে খ্রিস্টান ও দ্রুজ সম্প্রদায়ের বসবাসের শহর জারামানায় একটি বাসে বিস্ফোরণে ১৪ জন আহত হয়।
এর আগে জুলাইয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যে হোটেলে অবস্থান করছিলেন, তার কাছে দুটি বিস্ফোরণ ঘটে। তবে ওই সময় মাখোঁ হোটেলে ছিলেন না।
ওই হামলায় একজন নিহত ও ৩৬ জন আহত হন। পরে কর্তৃপক্ষ জানায়, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে এবং তারা ইসলামিক স্টেট (আইএস)-এর সদস্য।