বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১১:৩২

কলম্বিয়ায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ ৯৬০ কোটি ডলার

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে প্রাথমিক হিসাবে দেশটির অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় ৯৫৭ কোটি ডলার। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা এ তথ্য জানিয়েছেন ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ১০ আগস্ট আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি ছিল প্রায় অর্ধশতাব্দীর মধ্যে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ভূমিকম্পে এখন পর্যন্ত ২৮৯ জন নিহত, ৪ হাজার ১৮৭ জন আহত এবং ১৪৩ জন নিখোঁজ রয়েছেন।

প্রায় ২৭ হাজার বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ফলে বহু মানুষকে রাস্তায় ও বিভিন্ন পার্কে রাত কাটাতে হচ্ছে। এ ছাড়া কয়েক ডজন হাসপাতাল ও স্কুল ধসে পড়েছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা বলেন, ‘দুর্যোগটির ভয়াবহতা ও ব্যাপকতার কথা একবার ভাবুন।’

রাজনীতিতে তুলনামূলকভাবে নতুন এই ডানপন্থী আইনজীবী ও ব্যবসায়ী মাত্র তিন দিন আগে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নেওয়ার পরপরই এত বড় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হওয়ায় এটি তাঁর সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নির্বাচনের আগে দে লা এসপ্রিয়েলা প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশের বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা মাদকপাচারকারী সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।

মঙ্গলবার তিনি জানান, বেসরকারি খাতের সহযোগিতায় দ্রুত পুনর্গঠনের জন্য একটি বিশেষ পরিকল্পনা হাতে নিতে তিনি আবাসনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। তিনি এই উদ্যোগকে একটি ‘দ্রুত ও ব্যাপক পুনর্গঠন পরিকল্পনা’ হিসেবে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক ফোনালাপে দে লা এসপ্রিয়েলা আবারও কলম্বিয়ার পণ্যের ওপর আরোপিত শুল্ক সাময়িকভাবে স্থগিত করার অনুরোধ জানান। তাঁর মতে, এতে ভয়াবহ ভূমিকম্পের পর দেশটির অর্থনীতি কিছুটা স্বস্তি পাবে।

গত জুলাইয়ের শেষ দিকে কলম্বিয়ার পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ১০ শতাংশ থেকে বেড়ে ১২ দশমিক ৫ শতাংশ হয়েছে। তবে তেল এবং কফির মতো কয়েকটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।