বাসস
  ১৫ আগস্ট ২০২৬, ১৫:২০

মার্কিন বিমানবাহী রণতরীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এ সেনাসদস্যদের জীবনযাত্রার পরিস্থিতি ও মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি নিশ্চিত করেছেন, রণতরীটি শিগগিরই  প্রত্যাহার করা হবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শুক্রবার সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান, লিংকনে থাকা সেনাসদস্যদের পরিবারের সদস্যরা জাহাজটির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘না, তারা উদ্বিগ্ন নয়।’

নয় মাস ধরে সমুদ্রে থাকা জাহাজটিকে এত দীর্ঘ সময় মোতায়েন রাখা হয়েছেÑএমন ধারণাও নাকচ করেন তিনি। ট্রাম্প বলেন,  ‘না, না, নাÑএটা মোটেও যথেষ্ট দীর্ঘ সময় নয়।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অচলাবস্থা চলার মধ্যেই আরেকটি বিমানবাহী রণতরী দিয়ে লিংকনকে প্রত্যাহার করার খবর নিশ্চিত করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘জাহাজটি এখনই, অথবা খুব শিগগিরই রওনা হচ্ছে এবং এর জায়গায় একই ধরনের আরেকটি জাহাজ আসছে।’

মার্কিন সংবাদমাধ্যম ও সামরিকবিষয়ক বিশেষায়িত প্রকাশনাগুলোতে লিংকনে থাকা সেনাসদস্যদের পরিবারের একাধিক সদস্যের বক্তব্য প্রকাশিত হয়েছে। তাদের দাবি, জাহাজটির জীবনযাত্রার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কয়েকটি আত্মহত্যার চেষ্টার খবরও প্রকাশিত হয়েছে।

ভারপ্রাপ্ত নৌমন্ত্রী হাং কাও এক বিবৃতিতে বলেন, ‘অল্পসংখ্যক মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার চিকিৎসা দেওয়া হয়েছে, তবে কোনো প্রাণহানি ঘটেনি।’ একই সঙ্গে তিনি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ‘আমাদের যোদ্ধাদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরার চেষ্টা’ করার অভিযোগ করেন।

তবে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।

পারমাণবিক শক্তিচালিত বিশাল এই রণতরীটি ২০২৫ সালের নভেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে দক্ষিণ চীন সাগরে দায়িত্ব পালনের জন্য যাত্রা করে। পরে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলার আগে এটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়।

সেন্টার ফর নেভাল অ্যানালাইসিসের প্রধান গবেষণা কর্মকর্তা জোনাথন শ্রোডেন এএফপিকে বলেন, নাবিকদের কল্যাণসহ বিভিন্ন কারণে সাধারণত বিমানবাহী রণতরীর যুদ্ধদলকে ছয় মাসের জন্য মোতায়েনের পরিকল্পনা করা হয়।

পরিবারগুলোর অভিযোগ নিয়ে গণমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা ট্রাম্পের জন্য নতুন একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে। কারণ, এরই মধ্যে অজনপ্রিয় হয়ে ওঠা এই যুদ্ধের পক্ষে জনসমর্থন আদায়ের চেষ্টা করতে গিয়ে তাঁকে এখন এই নতুন চাপও সামলাতে হচ্ছে।

২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময় ট্রাম্পের অন্যতম প্রতিশ্রুতি ছিল, তিনি যুক্তরাষ্ট্রকে তথাকথিত মধ্যপ্রাচ্যের  ‘চিরস্থায়ী যুদ্ধের’ মধ্যে জড়াবেন না। তবে ইরানের সঙ্গে চলমান সংঘাত তাঁর জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলেছে এবং এর ফলে জনমত জরিপে তাঁর সমর্থনও কমেছে।

নাবিকদের পরিবারের সদস্যদের বক্তব্য থেকে আরও জানা গেছে, দুজন নাবিক জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ৩ আগস্ট সমুদ্রে পড়ে যাওয়া এক নাবিককে উদ্ধার করা হয়েছে।

লিংকনে বর্তমানে পাঁচজন ধর্মীয় পরামর্শক, একজন মনোবিজ্ঞানী, একজন সমাজকর্মী, একজন ‘প্রিভেনশন কো-অর্ডিনেটর’ এবং ‘ক্যাপ্টেন ফ্যাথম’ নামে একটি কুকুর রয়েছে। তাদের কাজ হলো নাবিকদের মনোবল ও সার্বিক কল্যাণে সহায়তা করা।

হাং কাও বলেন, ‘মিশনের প্রয়োজনেই লিংকের দায়িত্বের মেয়াদ বাড়ানো হয়েছিল। আমাদের সাফল্য নির্ভর করে আমরা কীভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিই, তার ওপর।’