বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ১৮:১৯

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : রেকর্ড সময় ধরে মোতায়েন থাকা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে খাবারের সংকট, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ত্রুটি ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সংকটের খবর প্রকাশের পর জাহাজটির পরিস্থিতি নিয়ে বুধবার তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে বুধবার পাঠানো এক চিঠিতে সিনেটর রিচার্ড ব্লুমেনথাল বিমানবাহী রণতরীটির পরিস্থিতি সম্পর্কে নৌবাহিনীর কাছে ব্যাখ্যা দাবি করেন।

তিনি বলেন, জাহাজটি ‘২৫০ দিনের বেশি সময় ধরে মোতায়েন রয়েছে’ এবং ‘২০০ দিনের বেশি সময় তীরে ভেড়েনি’। এর ফলে টানা সমুদ্রে থাকার ক্ষেত্রে এটি একটি রেকর্ড গড়েছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দীর্ঘ সময়ের এই মোতায়েন নিয়ে উদ্বেগ জানিয়ে ব্লুমেনথাল বলেন, লিংকনে ‘প্রয়োজনীয় মৌলিক সামগ্রীর ব্যাপক ঘাটতি, পানিদূষণ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সমস্যা, অবনতিশীল মানসিক স্বাস্থ্য, ডেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সহ অন্যান্য সমস্যার ব্যাপক খবর পাওয়া গেছে।

সিনেটর রুবেন গ্যালেগো এক্সে এক পোস্টে ইউএসএস লিংকনের পরিস্থিতি তদন্তে ‘দলমতনির্বিশেষে সিনেটরদের নিয়ে একটি সরকারি তদারকি সফরের’ দাবি জানিয়েছেন।

ইউএসএস আব্রাহাম লিংকন ২০২৫ সালের ২১ নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে দক্ষিণ চীন সাগরে দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাত্রা করে। পরে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর আগে জাহাজটির গন্তব্য পরিবর্তন করে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়।

এমএসএনও-এর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি দুটি বৈঠকে লিংকনে থাকা ৫ হাজার নাবিক ও মেরিনের খাবারের ঘাটতিসহ কঠিন পরিস্থিতি নিয়ে তাদের পরিবারের সদস্যরা নৌবাহিনীর নেতৃত্বের সঙ্গে বিরোধে জড়ান। তারা তাদের স্বজনেরা কবে বাড়ি ফিরবেন, তাও জানতে চান।

কিছু সদস্য গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যার কথা জানিয়েছেন। জাহাজে আত্মহানির চেষ্টার ঘটনাও ঘটেছে বলে জানানো হয়েছে।

গ্যালেগো বুধবারের পোস্টে লেখেন, ‘জাহাজের সদস্যদের জাহাজ থেকে লাফ দেওয়ার হুমকির ঘটনাগুলো পরিস্থিতি কতটা খারাপ হয়েছে, তার ভয়াবহ সতর্কসংকেত। ছত্রাকযুক্ত গোসলখানা, অনিয়মিত গরম পানি, খাবার ও সাবান সীমিত করে দেওয়া এবং নষ্ট শৌচাগারের পাশাপাশি কোনো ছুটি ছাড়াই ১২ থেকে ১৬ ঘণ্টার কঠোর কর্মঘণ্টা চলছে।’

এএফপির মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন নৌবাহিনী।